হরমুজে বিকল্প নৌপথ তৈরিতে বাধা দেবে ইরান: মোহসেন রেজায়ী

কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে কোনো ধরনের বিকল্প নৌপথ বা ‘দ্বিতীয় করিডোর’ তৈরি করার সুযোগ ইরান দেবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতার জ্যেষ্ঠ সামরিক উপদেষ্টা মেজর জেনারেল মোহসেন রেজায়ী। সম্প্রতি ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের (এসএনএসসি) সচিব হিসেবে দায়িত্ব পাওয়া এই কর্মকর্তা বৃহস্পতিবার (৬ আগস্ট) এক বক্তব্যে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

মেজর জেনারেল মোহসেন রেজায়ী সতর্ক করে বলেন, বর্তমান পরিস্থিতি যদি অব্যাহত থাকে, তবে এ অঞ্চলে অবস্থানরত মার্কিন জাহাজ এবং সামরিক বাহিনী গুরুতর ঝুঁকির মুখে পড়তে পারে। এমন পরিস্থিতিতে বড় ধরনের হতাহতের ঘটনাও ঘটে যাওয়ার আশঙ্কা রয়েছে। তিনি ওয়াশিংটনকে তাদের নীতিগত অবস্থান পরিবর্তনের আহ্বান জানিয়ে বলেন, ইরান বর্তমান পরিস্থিতির ধারাবাহিকতা কোনোভাবেই মেনে নেবে না। দেশের নিরাপত্তা ও জাতীয় স্বার্থ রক্ষায় যে কোনো প্রয়োজনীয় পদক্ষেপ নিতে তেহরান প্রস্তুত রয়েছে।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হিসেবে পরিচিত হরমুজ প্রণালি দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ তেল ও গ্যাসবাহী জাহাজ চলাচল করে। আন্তর্জাতিক নৌ-নিরাপত্তা এবং বৈশ্বিক জ্বালানি বাজারের ওপর এই জলপথের প্রভাব অত্যন্ত গভীর। ফলে এই করিডোরকে কেন্দ্র করে যেকোনো ধরনের উত্তেজনা বা নতুন কোনো নৌপথ তৈরির উদ্যোগ বৈশ্বিক অর্থনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে।

কন্টেন্ট: সংগৃহীত