ফিফা সভাপতির বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ফিফপ্রোর

বিশ্বকাপ আয়োজনের জন্য একটি কোম্পানি গঠন করে সেখানে বেসরকারি বিনিয়োগকারীদের কাছে শেয়ার বিক্রির পরিকল্পনা নিয়ে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে ‘ক্ষমতার চরম অপব্যবহারের’ অভিযোগ তুলেছে বিশ্ব ফুটবলারদের সংগঠন ফিফপ্রো। ৭০টিরও বেশি দেশের খেলোয়াড়দের নিয়ে গঠিত এই সংগঠনটি জানিয়েছে, ইনফান্তিনোর সাম্প্রতিক কর্মকাণ্ডের ফলে ফিফার প্রতি খেলোয়াড়দের আস্থা মৌলিকভাবে ভেঙে পড়েছে।

ফিফা ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ (এফএফই) নামের একটি প্রতিষ্ঠান চালুর পরিকল্পনা করেছিল, যার মাধ্যমে বিশ্বকাপসহ বড় বড় টুর্নামেন্টগুলো আয়োজনের পরিকল্পনা ছিল। সদস্য সংস্থাগুলোকে জানানো হয়েছিল যে, এই প্রতিষ্ঠানে বেসরকারি বিনিয়োগকারীদের অংশীদারত্ব দেওয়া হবে। তবে প্রবল বিরোধিতার মুখে গত সপ্তাহে ফিফা এই পরিকল্পনা থেকে সরে আসার ঘোষণা দেয়। মরক্কোতে অনুষ্ঠিত এক বৈঠকের পর বুধবার ফিফা এক বিবৃতিতে স্বীকার করে যে, ওই পরিকল্পনাটি ‘ভুল’ ছিল।

ফিফার এই বিবৃতিকে যথেষ্ট মনে করছে না ফিফপ্রো। বৃহস্পতিবার প্রকাশিত এক বার্তায় সংগঠনটি বলেছে, এফএফই প্রস্তাব প্রত্যাহার অনিবার্য হলেও এর অর্থ এই নয় যে প্রস্তাবটি পুরোপুরি মুছে গেছে। ফিফপ্রো এটিকে নিছক কোনো পরিচালনাগত ব্যর্থতা না বলে সরাসরি ‘প্রেসিডেন্সিয়াল ক্ষমতার গভীর অপব্যবহার’ হিসেবে অভিহিত করেছে। তাদের ভাষ্যমতে, এফএফই প্রত্যাহার করা হলেও আস্থার সংকট কাটেনি এবং কেবল সতর্কভাবে সাজানো বিবৃতি বা অভ্যন্তরীণ পর্যালোচনার মাধ্যমে এই আস্থা পুনরুদ্ধার সম্ভব নয়।

ফিফপ্রো আরও জানায়, কেবলমাত্র সংস্কারের ঘোষণা দিয়ে আস্থা ফেরানো যাবে না। সংগঠনটির মতে, সংস্কার এখন অপরিহার্য এবং এটি ভবিষ্যতের দায়িত্ব। তারা দাবি করেছে, এই সংকট খেলোয়াড়দের তৈরি নয়। ফিফপ্রো চায়, ফুটবল যেন শক্তিশালী প্রতিষ্ঠান, সুরক্ষাব্যবস্থা এবং যোগ্য নেতৃত্বের মাধ্যমে এই সংকট কাটিয়ে উঠতে পারে।

এ বিষয়ে ফিফার মহাসচিব মাটিয়াস গ্রাফস্ট্রমকে একটি চিঠি দিয়েছে ফিফপ্রো। প্রেস অ্যাসোসিয়েশনের দেখা সেই চিঠিতে উল্লেখ করা হয়েছে, ফিফা সভাপতির পদ প্রতিষ্ঠানকে রক্ষা করার জন্য, প্রতিষ্ঠানকে পাশ কাটানোর জন্য নয়। একই সঙ্গে তারা মনে করিয়ে দিয়েছে যে, বিশ্বকাপ বা ফিফা কোনো সভাপতির ব্যক্তিগত সম্পদ নয়।

কন্টেন্ট: সংগৃহীত