পল্লবীতে চা খাওয়ার সময় বিএনপি কর্মীকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি

রাজধানীর পল্লবী থানার মিল্লাত ক্যাম্পের সামনে দুর্বৃত্তের এলোপাতাড়ি গুলিতে মো. আলমগীর হোসেন (৪৫) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। আহত আলমগীর পেশায় একজন মাছ ব্যবসায়ী এবং ঢাকার নবাবগঞ্জ থানার বিএনপির একজন কর্মী। তিনি মিরপুর-১১ এর তিন নং রোডের ব্লক-বি ১৭নং বাসায় বসবাস করতেন। আব্দুর রাজ্জাকের ছেলে আলমগীর শুক্রবার বিকালে হামলার শিকার হন।

আহত আলমগীরের চাচা মো. আশিক জানান, শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে মিরপুর-১১ মিল্লাত ক্যাম্পে একটি চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন আলমগীর। এ সময় স্থানীয় যুবলীগ নেতা রুবেল ও বাপ্পাসহ ৪ জন একটি প্রাইভেটকারে করে ঘটনাস্থলে এসে কিছু বুঝে ওঠার আগেই তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়।

ঘটনার পর পরিবারের সদস্যরা খবর পেয়ে তাকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তাকে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসকরা জানিয়েছেন, আলমগীরের মাথার ডান পাশে, পেটের ডান পাশে ও ডান নিতম্বে গুলি লেগেছে।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক জানান, গুলিবিদ্ধ আলমগীরের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। তাকে জরুরি বিভাগে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনার বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে বলেও তিনি জানান।

কন্টেন্ট: সংগৃহীত