মুখ্যমন্ত্রী বিজয়ের বিরুদ্ধে স্ত্রীর বিচ্ছেদের মামলা প্রত্যাহার

ভারতের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এবং তামিলাগা ভেত্রি কাজাগম (টিভিকে) প্রধান সি জোসেফ বিজয়ের বিরুদ্ধে তার স্ত্রী সঙ্গীতা সর্নালিঙ্গম কর্তৃক দায়ের করা বিবাহবিচ্ছেদের মামলা প্রত্যাহার করা হয়েছে। এর মধ্য দিয়ে কয়েক মাস ধরে আলোচিত এই বৈবাহিক বিরোধের আইনি প্রক্রিয়ার সমাপ্তি ঘটলো।

শুক্রবার (৭ আগস্ট) ভার্চ্যুয়ালি আদালতে উপস্থিত হয়ে সঙ্গীতা সর্নালিঙ্গম মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত জানান। তার এই ঘোষণার পর আদালত মামলাটি নিষ্পত্তি করে বন্ধ ঘোষণা করেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ফেব্রুয়ারিতে তামিলনাড়ুর চেঙ্গালপট্টুর একটি আদালতে বিবাহবিচ্ছেদের আবেদন করেছিলেন সঙ্গীতা। সেই আবেদনে তিনি স্বামী-স্ত্রীর মধ্যে ‘অমীমাংসিত মতপার্থক্য’-এর কথা উল্লেখ করেছিলেন। একইসঙ্গে, তিনি স্থায়ী ভরণপোষণ এবং চেন্নাইয়ের নীলাঙ্কারাই এলাকার দাম্পত্য বাসভবনে বসবাসের অনুমতিও চেয়েছিলেন।

এই মামলার শুনানি চলতি বছর একাধিকবার পিছিয়ে যায়। গত ১৫ জুন সঙ্গীতা আদালতকে জানিয়েছিলেন যে তিনি আবেদনটি প্রত্যাহার করতে চান। এরপর আদালত পরবর্তী শুনানির জন্য ৭ আগস্ট দিন ধার্য করেন। এর আগের মাসগুলোতে নির্ধারিত শুনানিতে বিজয় ও সঙ্গীতা কেউই আদালতে উপস্থিত হননি। তাদের আইনজীবীরা ব্যক্তিগত অসুবিধার কথা জানিয়ে সময় চেয়েছিলেন।

বিজয় ও সঙ্গীতার দাম্পত্য জীবন প্রায় তিন দশকের পুরোনো। ১৯৯৯ সালের ২৫ আগস্ট চেন্নাইয়ে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

২০২৩ সালে বিজয়ের কয়েকটি গুরুত্বপূর্ণ জনসভায় সঙ্গীতার অনুপস্থিতির পর তাদের দাম্পত্য সম্পর্কে টানাপোড়েনের গুঞ্জন শুরু হয়। যদিও সেসময় এসব গুঞ্জন অস্বীকার করা হয়েছিল। পরবর্তীতে ২০২৫ সালে টিভিকের দ্বিতীয় রাজ্য সম্মেলনসহ একাধিক রাজনৈতিক কর্মসূচিতেও সঙ্গীতার অনুপস্থিতি বিষয়টি আবারও আলোচনায় নিয়ে আসে।

উল্লেখ্য, সাম্প্রতিক তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে টিভিকে একক বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হয়। পরে কংগ্রেস, সিপিআই, সিপিআই (এম), ভিসিকে ও আইইউএমএলের সমর্থনে দলটি সরকার গঠন করে, যার নেতৃত্বে মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করছেন সি জোসেফ বিজয়।

কন্টেন্ট: সংগৃহীত