সফল জুলাই বিপ্লবের দুই বছর পূর্তিতে সংগীতশিল্পী আসিফ আকবর নতুন বাংলাদেশের যাত্রার কথা তুলে ধরেছেন। শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি দেশের রাজনৈতিক প্রেক্ষাপট ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদানের কথা স্মরণ করেন। আসিফ আকবর বলেন, রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে উঠে বেগম খালেদা জিয়া এ দেশের মানুষের স্মৃতিতে ঐক্যের প্রতীক হিসেবে চিরঅম্লান থাকবেন। তার ত্যাগ ও সংগ্রামের সুদীর্ঘ ইতিহাস যুগে যুগে প্রজন্মের পর প্রজন্মকে প্রেরণা জোগাবে।
জুলাই বিপ্লবের ঐতিহাসিক বিজয়ের প্রেক্ষাপটে আসিফ আকবর ১ হাজার ৪০০ বীর জুলাই শহীদ এবং ৩০ হাজার আহত জুলাই যোদ্ধার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তিনি উল্লেখ করেন, অত্যাচারী, খুনি, লুটেরা ও ফ্যাসিস্টরূপী দানবীয় শক্তির বিরুদ্ধে মুক্তিকামী জনতার এই বিজয় বহু কাঙ্ক্ষিত। তার ভাষায়, বাংলাদেশ আজ অসভ্য ও বর্বর পলাতক ফ্যাসিস্টের খপ্পর থেকে রাজনৈতিক পরাধীনতার শৃঙ্খলমুক্ত হয়েছে।
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসহীনতার প্রশংসা করে আসিফ আকবর বলেন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রশ্নে তার দৃঢ়তা আজও জেন-জি প্রজন্মের অস্তিত্বে বিদ্যমান। তিনি বেগম জিয়ার সেই উক্তিটি স্মরণ করিয়ে দেন, যেখানে তিনি বলেছিলেন, ওদের হাতে গোলামির জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা। এছাড়া দেশের বাইরে ঠিকানা না থাকার বিষয়ে বেগম জিয়ার দৃঢ় অবস্থানের কথা উল্লেখ করে আসিফ বলেন, তিনি এই দেশের মাটি ও মানুষকেই নিজের ঠিকানা মনে করতেন এবং এই মাটিতেই শায়িত হয়েছেন।
পোস্টের শেষাংশে আসিফ আকবর বলেন, ম্যাডাম, আপনি সফল। দেশের তারুণ্য আপনার আপসহীনতাকে অন্তরে ধারণ করে এবং বাংলাদেশ আর কোনো শৃঙ্খলে আবদ্ধ হবে না। তিনি বেগম জিয়াকে উদ্দেশ্য করে বলেন, আপনি এ দেশের আপামর জনতার হৃদয়ে দ্রোহের অগ্নিমশাল হয়ে জ্বলবেন অনন্তকাল। তার কাছ থেকে শেখা ইস্পাত-কঠিন দেশপ্রেমের কথা তিনি কখনো ভুলবেন না বলেও জানান।

