দেশের বাজারে আবারও স্বর্ণের দাম সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। একদিনের ব্যবধানে এই দফায় ভরিতে ৪ হাজার ৩৭৪ টাকা বাড়ানো হয়েছে। এই নতুন নির্ধারিত মূল্য আজ শনিবার সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে। বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই নতুন দাম কার্যকর থাকবে।
নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩৪ হাজার ৩৮ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২৩ হাজার ৫৪১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯১ হাজার ৯৩১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৫৬ হাজার ৮২২ টাকায় বিক্রি হবে। এর আগে গত শুক্রবার সকালে বাজুস স্বর্ণের দাম কমিয়েছিল, যেখানে ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমানোর ঘোষণা দেওয়া হয়েছিল।

