ভারতের বিপক্ষে শেষ দুই ওয়ানডে থেকে ছিটকে গেলেন ফার্গুসন

ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের বাকি দুটি ম্যাচে নিউজিল্যান্ড পাচ্ছে না পেসার লকি ফার্গুসনকে। টি-টোয়েন্টি সিরিজ চলাকালে পাওয়া ডান পায়ের কাফের ইনজুরি থেকে পুরোপুরি সেরে না ওঠায় তাকে দলের বাইরে রাখা হয়েছে। এদিকে, ওয়েলিংটন ওয়ানডেতে হেলমেটে আঘাত পাওয়া ব্লেয়ার টিকনারকেও আইসিসির বাধ্যতামূলক সাত দিনের কনকাশন স্ট্যান্ড-ডাউন পিরিয়ড বা বিশ্রামে থাকতে হচ্ছে। যদিও তাকে কনকাশন থেকে মুক্ত ঘোষণা করা হয়েছে, তবুও নিয়মের কারণে তিনি পরের দুই ম্যাচে মাঠে নামতে পারছেন না।

ব্লেয়ার টিকনারের পরিবর্তে সিরিজের তৃতীয় ওয়ানডের জন্য বোলিং অলরাউন্ডার ক্রিশ্চিয়ান ক্লার্ককে দলে নেওয়া হয়েছে। এদিকে চোটের কারণে সিরিজের আগে থেকেই ভুগতে থাকা ম্যাট হেনরিকে চতুর্থ ওয়ানডের জন্য প্রস্তুত হওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। দ্বিতীয় টি-টোয়েন্টিতে ডান পায়ের কোয়াড্রিসেপসে চোট পাওয়ার পাশাপাশি তার কনকাশন পরীক্ষার রিপোর্টও নেতিবাচক এসেছে। এর আগে ডেভন কনওয়ে সিরিজের আগেই কনকাশনের কারণে ছিটকে গেছেন। এছাড়া রাচিন রবীন্দ্র (কাঁধের চোট) এবং মার্ক চ্যাপম্যান (হ্যামস্ট্রিং ইনজুরি) বর্তমানে দলের বাইরে রয়েছেন।

নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড জানিয়েছে, তৃতীয় ওয়ানডের পর ম্যাট হেনরি ও কাইল জেমিসন টেস্ট ক্যাম্পের জন্য ওয়েলিংটনে যোগ দেওয়ার কথা থাকলেও, এখন তারা চতুর্থ ওয়ানডে পর্যন্ত দলের সঙ্গেই থাকছেন। তৃতীয় ওয়ানডের পর টম ল্যাথাম, ড্যারিল মিচেল, হেনরি নিকোলস, গ্লেন ফিলিপস এবং নাথান স্মিথ টেস্ট সিরিজের প্রস্তুতির জন্য ওয়েলিংটনে পাড়ি জমাবেন। পাঁচ ম্যাচের সিরিজে নিউজিল্যান্ড বর্তমানে ০-২ ব্যবধানে পিছিয়ে আছে, ফলে শেষ দুই ম্যাচ তাদের জন্য অস্তিত্ব রক্ষার লড়াই।

তৃতীয় ওয়ানডের জন্য নিউজিল্যান্ড দল: মিচেল স্যান্টনার (অধিনায়ক), মাইকেল ব্রেসওয়েল, ক্রিশ্চিয়ান ক্লার্ক, জ্যাকব ডাফি, ম্যাট ফিশার, কাইল জেমিসন, নিক কেলি, টম ল্যাথাম, ড্যারিল মিচেল, হেনরি নিকোলস, গ্লেন ফিলিপস, টিম সেইফার্ট, নাথান স্মিথ ও উইল ইয়াং। চতুর্থ ওয়ানডের জন্য দল: মিচেল স্যান্টনার (অধিনায়ক), ফিন অ্যালেন, মাইকেল ব্রেসওয়েল, ক্রিশ্চিয়ান ক্লার্ক, জ্যাকব ডাফি, ম্যাট ফিশার, ডিন ফক্সক্রফট, মিচেল হে, ম্যাট হেনরি, কাইল জেমিসন, নিক কেলি, টিম সেইফার্ট ও উইল ইয়াং।