রাজধানীর গুলশানে একটি রেস্তোরাঁয় গোপন বৈঠক করার সময় বাংলাদেশ আওয়ামী লীগের ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে গুলশান থানা পুলিশ অভিযান চালিয়ে বৈঠকস্থল থেকেই তাদের আটক করে।
শুক্রবার (৭ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে পুলিশ প্লাজার পঞ্চম তলার একটি রেস্টুরেন্টে এই অভিযান চালানো হয়। গ্রেপ্তারকৃতরা হলেন মেহেদী মাসুদ চৌধুরী (৫৫), এস এম রেজওয়ান হাবিব আলিফ (৩৩), নান্নু মিয়া (৩৮), আমিনুর রহমান (৪২), সজল আহমেদ (২৯) ও ইব্রাহিম হোসেন (৩৩)।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে, পুলিশ প্লাজার পঞ্চম তলার একটি রেস্তোরাঁয় আওয়ামী লীগের কিছু নেতাকর্মী গোপন বৈঠকে মিলিত হয়েছেন। সেই তথ্যের ভিত্তিতেই অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ওই বৈঠকের পর তাদের রাজধানীতে মিছিল করার পরিকল্পনা ছিল। এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান ওসি দাউদ হোসেন।

