বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষমতা ম্যানেজিং কমিটির হাতে ন্যস্ত করার সরকারি সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই সিদ্ধান্ত বাতিলের জোরালো দাবি জানান।
হাসনাত আবদুল্লাহ তার পোস্টে উল্লেখ করেন, শিক্ষক নিয়োগের ক্ষমতা ম্যানেজিং কমিটির হাতে ছেড়ে দেওয়া হলে তা দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংসের দিকে ঠেলে দেবে এবং প্রতিষ্ঠানগুলোতে দলীয়করণের সুযোগ তৈরি হবে। তিনি আরও বলেন, শিক্ষক নিয়োগ প্রক্রিয়া হতে হবে সম্পূর্ণ স্বচ্ছ, নিরপেক্ষ এবং যোগ্যতার ভিত্তিতে। কোনো স্থানীয় প্রভাব কিংবা রাজনৈতিক বিবেচনার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হলে শিক্ষার গুণগত মান ও প্রতিষ্ঠানের নিরপেক্ষতা বজায় রাখা সম্ভব নয়। তাই শিক্ষার স্বার্থে এই সিদ্ধান্ত অবিলম্বে বাতিলের আহ্বান জানিয়েছেন তিনি।
উল্লেখ্য যে, শিক্ষা মন্ত্রণালয় বেসরকারি স্কুল ও কলেজের প্রবেশপর্যায়ের শিক্ষক নিয়োগের ক্ষমতা সরাসরি ম্যানেজিং কমিটির হাতে দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছে। এই সিদ্ধান্তের ফলে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) আর শিক্ষক নিয়োগের জন্য কোনো সুপারিশ করতে পারবে না।
শিক্ষা মন্ত্রণালয়ের এই সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্তটি নেওয়া হয় গত ৩ আগস্ট। ওইদিন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এনটিআরসিএর সার্বিক কার্যক্রম নিয়ে আয়োজিত একটি সভায় এই বিষয়টি নির্ধারিত হয়। সভায় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক এবং এনটিআরসিএ চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) আলিফ রুদাবাসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

