মেহেরপুরে বিএসএফের হাতে কৃষক আটক, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী

মেহেরপুর সদর উপজেলার ইছাখালী সীমান্তে শূন্যরেখায় কাজ করার সময় আব্দুল মান্নান (৭০) নামের এক বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। মঙ্গলবার সকালে ঘটা এই ঘটনার প্রতিবাদে স্থানীয় গ্রামবাসী সীমান্ত এলাকায় কর্মরত দুই ভারতীয় নাগরিককে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করেছেন।

আটক আব্দুল মান্নান ইছাখালী গ্রামের মসজিদপাড়ার মৃত নূর বক্সের ছেলে। তার নাতি ইব্রাহিম জানিয়েছেন, মঙ্গলবার সকাল ৮টার দিকে আব্দুল মান্নান বাড়ির পাশের নিজের মরিচের জমিতে কীটনাশক দিতে গিয়েছিলেন। ১২৪/৪-এস সীমান্ত পিলার সংলগ্ন এলাকা থেকে বিএসএফ সদস্যরা তাকে ধরে নিয়ে যান। মান্নানকে ধরে নিয়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দারা ১২৩/৩-এস সীমান্ত পিলার সংলগ্ন এলাকা থেকে ভারতের লালবাজার গ্রামের দুই নাগরিককে আটক করেন এবং পরবর্তীতে তাদের ইছাখালী বিজিবি ক্যাম্পে সোপর্দ করেন।

বিজিবি সূত্রে জানা গেছে, মান্নান সীমান্তের শূন্যরেখায় ভারতীয় কৃষিজমিতে কাজ করছিলেন, তখনই বিএসএফ তাকে আটক করে। এই ঘটনার পর সীমান্ত এলাকায় সাময়িক উত্তেজনা দেখা দিলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান জানান, বিষয়টি নিয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, 'ভারতীয় কৃষি জমিতে কাজ করার সময় একজনকে বিএসএফ ধরে নিয়ে গেছে। এরপর বাংলাদেশের পক্ষ থেকে দুই ভারতীয় নাগরিককে ধরে আনা হয়েছে। দ্রুত পতাকা বৈঠকের মাধ্যমে তাদের হস্তান্তর করা হবে।'