যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় খাবার সরবরাহের কাজ করার সময় মাহফুজুল হক (৪৩) নামে এক বাংলাদেশি অভিবাসী প্রাণ হারিয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার (৮ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে ফিলাডেলফিয়ার কিংসেসিং এলাকার সাউথ ইথান স্ট্রিটের ১০০০ ব্লকে তাকে মাথার পেছনে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এই মর্মান্তিক ঘটনায় স্থানীয় বাংলাদেশি কমিউনিটির মধ্যে গভীর শোক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
নিহত মাহফুজুল হক ফিলাডেলফিয়ার নর্থইস্ট এলাকার বাসিন্দা ছিলেন এবং আল-শাম উইলো গ্রোভ নামের একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। তার পরিবারে স্ত্রী ও ১৪ বছর বয়সী এক সন্তান রয়েছে। ডোরড্যাশের মাধ্যমে খাবার পৌঁছে দেওয়ার দায়িত্ব পালনকালে তিনি হামলার শিকার হন। ঘটনাস্থল থেকে তার চালু অবস্থায় থাকা গাড়ি, ডেলিভারি ব্যাগ এবং রাইফেলের দুটি খোসা উদ্ধার করেছে পুলিশ।
ফিলাডেলফিয়া পুলিশের প্রাথমিক তদন্তে ঘটনাটিকে একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় মুখোশধারী তিনজনকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
ঘটনার নেপথ্যের কারণ উদ্ঘাটনে পুলিশি তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে। মাহফুজুল হকের অকাল মৃত্যুতে তার পরিবার ও প্রবাসী বাংলাদেশি সম্প্রদায়ের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। অপরাধীদের দ্রুত শনাক্ত ও বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

