পর্তুগালে ট্রেন দুর্ঘটনায় টাঙ্গাইলের এক যুবকের মৃত্যু, আহত চার

পর্তুগালের দক্ষিণাঞ্চলীয় শহর আলগার্ভের মেক্সিলহেইরা গ্রান্দে এলাকায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় রাম প্রসাদ সরকার (৩৬) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। তার বাড়ি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায়। স্থানীয় সময় বৃহস্পতিবার একটি রেলক্রসিং পার হওয়ার সময় যাত্রীবাহী ট্রেনটি তাদের বহনকারী গাড়িটিকে সজোরে ধাক্কা দেয়। এতে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই রাম প্রসাদের মৃত্যু হয়।

দুর্ঘটনার সময় গাড়িটিতে মোট পাঁচজন বাংলাদেশি নাগরিক ছিলেন। এ ঘটনায় রাম প্রসাদ ছাড়া বাকি চারজন আহত হয়েছেন। দুর্ঘটনার পরপরই নিরাপত্তার খাতিরে পোর্তিমাও ও মেক্সিলহেইরা গ্রান্দে স্টেশনের মধ্যবর্তী রেলপথে ট্রেন চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়। কয়েক ঘণ্টা উদ্ধার তৎপরতা চালানোর পর পরিস্থিতি স্বাভাবিক হয়। পর্তুগিজ কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সতর্কসংকেত অমান্য করে রেলক্রসিং অতিক্রম করার সময় গাড়িটি ট্রেনের সামনে চলে আসে।

নিহত রাম প্রসাদ জীবিকার সন্ধানে মাত্র ১০ থেকে ১৫ দিন আগে পর্তুগালে পাড়ি জমিয়েছিলেন। তার অকাল মৃত্যুতে প্রবাসী বাংলাদেশিদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। নিহতের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে নেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও আইনি সহায়তার জন্য লিসবনে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের কাছে আবেদন জানিয়েছেন তার পরিবার।

স্থানীয় সময় বৃহস্পতিবার আলগার্ভের মেক্সিলহেইরা গ্রান্দে এলাকায় এ দুর্ঘটনায় গাড়িতে থাকা আরও ৪ বাংলাদেশি আহত হয়েছেন।

গাড়িতে ৫ জন বাংলাদেশি নাগরিক ছিলেন।