টালিউডের জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পাঁচ মাস পর তার ব্যক্তিগত জীবন নিয়ে চাঞ্চল্যকর দাবি করলেন মডেল ও অভিনেত্রী মৌমিতা পণ্ডিত। তিনি জানিয়েছেন, মৃত্যুর আগে রাহুলের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল এবং তারা দুজনেই বিষয়টি প্রকাশ্যে আনার পরিকল্পনা করেছিলেন। গত ২৯ মার্চ তালসারি সমুদ্রসৈকতে একটি ধারাবাহিকের শুটিং চলাকালীন পানিতে ডুবে রাহুলের অকাল মৃত্যু হয়। এই ঘটনার কয়েক মাস পর মৌমিতা তাদের সম্পর্কের কথা জনসমক্ষে আনলেন।
মৌমিতা প্রমাণ হিসেবে চলতি বছরের দোল উৎসবের একটি সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এনেছেন। ভিডিওটিতে দেখা যায়, রাহুল তার গালে আবির মাখাচ্ছেন। মৌমিতার ভাষ্যমতে, দোলের দিন শুটিং শেষ করে রাহুল বাইক চালিয়ে তার কাছে এসেছিলেন। এরপর তারা একসঙ্গে আবির খেলেন এবং বাইকে করে শহরে ঘুরে চা পান করেন। মৌমিতা জানান, তার স্বামী অরিদীপ্তর মৃত্যুর পর তিনি রং খেলা ছেড়ে দিয়েছিলেন, কিন্তু রাহুলই তাকে পুনরায় আবির মাখিয়েছিলেন। রাহুলের শেষ শুটিংয়ের দিন জলে নামার আগেও তাদের ফোনে কথা হয়েছিল এবং তার আগের রাতেও দীর্ঘ সময় ভিডিও কলে তাদের কথা হয়।
মৌমিতার দাবি অনুযায়ী, রাহুলের সঙ্গে তার ঘনিষ্ঠতা তৈরি হয়েছিল অরিদীপ্তর মৃত্যুর পর। রাহুলের সঙ্গে অরিদীপ্তর দীর্ঘদিনের বন্ধুত্ব ছিল, যা পরে মৌমিতার সঙ্গে রাহুলের যোগাযোগ বাড়িয়ে দেয়। পরবর্তীতে উত্তরবঙ্গে একটি সিনেমার শুটিংয়ের সময় তাদের মধ্যে পারস্পরিক নির্ভরতা ও ঘনিষ্ঠতা গড়ে ওঠে।
অন্যদিকে, রাহুল ও অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারের সম্পর্ক নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে। মৌমিতা স্বীকার করেছেন যে, রাহুল ও প্রিয়াঙ্কার মধ্যে সুন্দর বন্ধুত্বের সম্পর্ক ছিল এবং প্রিয়াঙ্কা রাহুলের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিলেন। প্রায় এক বছর আগে রাহুল ও প্রিয়াঙ্কা তাদের বিবাহবিচ্ছেদের মামলা প্রত্যাহার করেছিলেন এবং ছেলে সহজের কথা ভেবে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করছিলেন। রাহুলের মৃত্যুর পর প্রিয়াঙ্কাকে যেভাবে ছেলে ও শাশুড়িকে সামলাতে দেখা গিয়েছিল, তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা ও ট্রোলিং হয়েছিল। বিশেষ করে শ্মশানে প্রিয়াঙ্কার কান্না না করা নিয়ে অনেকে প্রশ্ন তুলেছিলেন, যা সেই সময় বেশ আলোচনার জন্ম দেয়।

