দাভিদে আনচেলত্তির কোচিংয়ে জয় দিয়ে লিগ ওয়ানের শুরু লিঁলের

লিগ ওয়ানের নতুন মৌসুমের উদ্বোধনী ম্যাচে অঁজির মাঠে ২-০ গোলের জয় পেয়েছে লিঁল। এই জয়ের মাধ্যমে কোচ হিসেবে দাভিদে আনচেলত্তির যাত্রা শুরু হলো দারুণভাবে। গত জুনে ব্রুনো জেনিসিও মার্সেইতে চলে যাওয়ার পর কিংবদন্তি কোচ কার্লো আনচেলত্তির ছেলে দাভিদে লিঁলের দায়িত্ব গ্রহণ করেন। গত মৌসুমে ফরাসি লিগে তৃতীয় স্থান অর্জন করে চ্যাম্পিয়নস লিগের লিগ পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছিল দলটি।

ম্যাচের ১১তম মিনিটে নাবিল বেনতালের পাস থেকে দূরপাল্লার চমৎকার এক শটে গোল করে লিঁলকে এগিয়ে দেন অলিভিয়ে জিরু। আগামী মাসে ৪০ বছরে পা দিতে যাওয়া এই ফরাসি স্ট্রাইকার ম্যাচের নিয়ন্ত্রণ এনে দেন। এরপর ম্যাচের ৩০ মিনিটের কিছু সময় পর লিঁলের চমৎকার দলীয় সমন্বয়ে বল পেয়ে ভলিতে ব্যবধান দ্বিগুণ করেন তিয়াগো সান্তোস।

ম্যাচ শেষে লিগ ওয়ান প্লাসকে জিরু বলেন, এটি নিখুঁত ছিল না, তবে আমরা আজ শক্তিশালী শুরু করতে চেয়েছিলাম। তিনি আরও যোগ করেন, আমরা চাইলে আরও আগেই ম্যাচটি শেষ করে দিতে পারতাম।

লিঁলের ১৮ বছর বয়সী মরক্কান মিডফিল্ডার আইয়ুব বোয়াদিকে নিয়ে ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়ার জোরালো গুঞ্জন রয়েছে। যদিও তিনি ম্যাচের স্কোয়াডে ছিলেন না, তবে খেলা শেষে তাকে ভ্রমণকারী সমর্থকদের কাছ থেকে বিদায় নিতে দেখা গেছে। জিরু বলেন, আমরা জানি না ভবিষ্যতে কী ঘটবে। তবে যদি এমন কিছু হয়, তবে আমরা তার জন্য এই জয়টি উদযাপন করতে চাইব।

এদিকে, মৌসুমের উদ্বোধনী সপ্তাহের অন্য ম্যাচে নরমান্ডিতে নবাগত লা হাভরে দলকে ১-০ গোলে হারিয়েছে মোনাকো, যেখানে জয়সূচক গোলটি করেছেন ইংল্যান্ডের সাবেক ডিফেন্ডার এরিক ডাইয়ার।

মৌসুমের প্রথম সপ্তাহের শেষ ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট-জার্মেই তাদের টানা ষষ্ঠ শিরোপা জয়ের লক্ষ্যে রেনের মাঠে আতিথ্য নেবে। পার্ক দে প্রিন্সেসের মাঠের অবস্থা খারাপ থাকায় ম্যাচটি সরিয়ে নেওয়া হয়েছে।