ভারতে আটক ২১ বাংলাদেশিকে পুশব্যাকের জন্য পশ্চিমবঙ্গে স্থানান্তর

ভারতের কর্নাটক রাজ্যের ব্যাঙ্গালুরুতে গত মাসে আটক হওয়া ২১ জন সন্দেহভাজন বাংলাদেশিকে কঠোর পুলিশি নিরাপত্তায় ট্রেনে করে পশ্চিমবঙ্গে নিয়ে আসা হয়েছে। অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে আটক এই ব্যক্তিদের এখন বিএসএফের কাছে হস্তান্তর করা হবে। মালদহ সীমান্তে বিএসএফ তাদের নিজ দেশে ফেরত পাঠানোর বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করবে বলে জানা গেছে।

গত মাসে ম্যাঙ্গলুরু সিটি পুলিশ সুরাতকাল ও উরওয়া থানা এলাকার অন্তর্গত মুক্কা এবং কোডিকাল এলাকায় নির্মাণাধীন বিভিন্ন স্থান থেকে এই ২১ জনকে আটক করেছিল। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা ভুয়া নথিপত্র ব্যবহার করে ওইসব নির্মাণ প্রকল্পে কাজ করছিলেন। এই ঘটনায় আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে, যারা উত্তর ভারতের বিভিন্ন রাজ্য থেকে শ্রমিক আনার পাশাপাশি বাংলাদেশি নাগরিকদেরও অবৈধভাবে ম্যাঙ্গলুরুতে এনে নির্মাণকাজে কর্মসংস্থানের ব্যবস্থা করতেন।

তদন্তে জানা গেছে, আটককৃতরা প্রায় তিন মাস আগে পাসপোর্ট বা ভিসা ছাড়াই পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছিলেন। তারা মুর্শিদাবাদের ঠিকানা ব্যবহার করে আধার কার্ডে নিজেদের ছবি বসিয়ে ভুয়া পরিচয়পত্র তৈরি করেছিলেন। বর্তমানে তাদের মালদহে রাখা হয়েছে এবং বিএসএফের মাধ্যমে তাদের ডিপোর্ট বা পুশব্যাকের প্রক্রিয়া সম্পন্ন করা হবে।