একদিনে পাঁচটি স্টুডিওতে গান রেকর্ডের অভিজ্ঞতার কথা জানালেন কনকচাঁপা

দেশের প্রথিতযশা সংগীতশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা তার সুদীর্ঘ ক্যারিয়ারে সাড়ে তিন হাজারেরও বেশি সিনেমার গানে কণ্ঠ দিয়েছেন। তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী এই শিল্পীর ঝুলিতে রয়েছে ৪০টিরও বেশি একক অ্যালবাম। সম্প্রতি তিনি অতিথি হিসেবে অংশ নিয়েছেন জনপ্রিয় পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’-তে। রুম্মান রশীদ খানের সঞ্চালনায় এই আড্ডায় কনকচাঁপা তার কর্মজীবনের চরম ব্যস্ততার স্মৃতি রোমন্থন করেন। তিনি জানান, এমনও দিন গেছে যখন একই দিনে পাঁচটি ভিন্ন স্টুডিওতে পাঁচটি আলাদা গানের রেকর্ডিংয়ে অংশ নিতে হয়েছে তাকে। তার ভাষ্যমতে, সংগীত জীবনে এমন ঘটনা অন্তত পাঁচ থেকে সাতবার ঘটেছে। জেড আই ফয়সাল প্রযোজিত এই বিশেষ পডকাস্টটি আজ শনিবার রাত ৯টায় মাছরাঙা টেলিভিশন ও রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ একযোগে প্রচারিত হবে।

সালমান শাহ ও এন্ড্রু কিশোরকে নিয়ে স্মৃতিচারণ

পডকাস্টটিতে চিত্রনায়ক সালমান শাহকে নিয়ে কথা বলেন শিল্পী। তিনি জানান, সালমান শাহ সিনেমাতে মাত্র দুইবার প্লেব্যাক করেছিলেন এবং দুইবারই কনকচাঁপা তার সহশিল্পী ছিলেন। কনকচাঁপা বলেন, প্রয়াত আহমেদ ইমতিয়াজ বুলবুলের সুর-সংগীতে আমি আর সালমান শাহ গান করি। সালমান শাহ পেশাদার শিল্পীর মতোই স্টুডিওতে উপস্থিত হয়ে গান করেছিলেন, যা ছিল দারুণ অভিজ্ঞতার। অনুষ্ঠানে এন্ড্রু কিশোরের সঙ্গে তার দীর্ঘ ক্যারিয়ারের সর্বাধিক সিনেমার গানে কণ্ঠ দেওয়ার বিষয়টিও উঠে আসে। এই কিংবদন্তি সহকর্মীর প্রতি শ্রদ্ধা জানিয়ে রাজশাহীবাসীর কাছে কনকচাঁপা অনুরোধ করেন যেন কোনো একটি স্টেডিয়ামের নাম এন্ড্রু কিশোরের নামে নামকরণ করা হয়।