ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু চাঞ্চল্যকর এক দাবি করেছেন। তিনি জানিয়েছেন, ইরান তাঁর দুই ছেলের মধ্যে একজনকে হত্যার চেষ্টা করেছিল। গত সোমবার, ২৪ আগস্ট ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১৪-কে দেওয়া এক ফোন সাক্ষাৎকারে তিনি এই অভিযোগ করেন। তবে কথিত এই হামলার সময়, স্থান কিংবা পদ্ধতি সম্পর্কে তিনি বিস্তারিত কিছু জানাননি। এমনকি তাঁর দুই ছেলে ইয়াইর ও আভনারের মধ্যে কার ওপর এই হুমকি এসেছিল, তাও স্পষ্ট করেননি তিনি। ইয়াইর দীর্ঘ সময় ধরে যুক্তরাষ্ট্রের মিয়ামিতে অবস্থান করছেন।
নেতানিয়াহু এই ঘটনাকে অত্যন্ত গুরুতর হিসেবে বর্ণনা করে বলেন, এ কারণেই তাঁর পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করা কোনো বিলাসিতা নয়। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী পদপ্রার্থীদের জন্য প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা উচিত। এর আগে ইসরায়েলি সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছিল যে, দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেত সাবেক সেনাপ্রধান ও প্রধানমন্ত্রী পদপ্রার্থী গাদি আইজেনকটকে নিরাপত্তা দিতে অস্বীকৃতি জানিয়েছে। এই বিতর্কিত পরিস্থিতির মধ্যেই নেতানিয়াহুর এই মন্তব্য সামনে এল।
উল্লেখ্য যে, জুলাই মাসে নেতানিয়াহুর স্ত্রী সারা এবং তাঁর দুই ছেলের জন্য বর্ধিত নিরাপত্তা ব্যবস্থা অনুমোদন করেছিল ইসরায়েলি কর্তৃপক্ষ। সরকারি খরচে প্রধানমন্ত্রীর পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি নিয়ে দেশটিতে বেশ সমালোচনা ও বিতর্ক রয়েছে। এদিকে, নেতানিয়াহুর এই অভিযোগের বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। রয়টার্স জানিয়েছে, জাতিসংঘে নিযুক্ত ইরানের মিশনও এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি।
বর্তমানে ইরান ও ইসরায়েলের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এর মধ্যেই নেতানিয়াহুর এই অভিযোগ নতুন আলোচনার জন্ম দিয়েছে। একই সময়ে ইসরায়েলে আগামী ২৭ অক্টোবর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনকে ঘিরে দেশটিতে রাজনৈতিক উত্তাপ বাড়ছে এবং জনমত জরিপে নেতানিয়াহুর জোট পিছিয়ে রয়েছে বলে রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

