নেপালে বন্যা ও ভূমিধসে আটকা পড়েও নিরাপদে আছেন সংগীতশিল্পী তাসরিফ

চীন ও নেপাল সীমান্ত এলাকায় ভয়াবহ আকস্মিক বন্যা এবং ভূমিধসের ঘটনায় প্রাণহানি ও নিখোঁজের সংখ্যা ক্রমাগত বাড়ছে। এমন দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে নেপালে অবস্থান করছেন বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী ও ‘কুঁড়েঘর’ ব্যান্ডের ভোকাল তাসরিফ খান। তিব্বত-চীন সীমান্ত লাগোয়া রাসুয়া জেলায় আঘাত হানা এই প্রলয়ংকরী বন্যায় শত শত পর্যটক নিখোঁজ হওয়ার পাশাপাশি বহু হতাহতের খবর পাওয়া গেছে। তবে এমন ভয়াবহ পরিস্থিতির মধ্যেও তাসরিফ খান নিশ্চিত করেছেন যে, তিনি এবং তার সফরসঙ্গীরা সবাই সুস্থ ও নিরাপদে আছেন।

বুধবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের আশ্বস্ত করে তাসরিফ জানান, আল্লাহর রহমতে তারা নেপালে নিরাপদ আশ্রয়ে রয়েছেন। তিনি উল্লেখ করেন, নেপালের উত্তরাঞ্চলে তিব্বত-চীন সীমান্তসংলগ্ন রাসুয়া জেলায় এটি দেশটির ইতিহাসের অন্যতম ভয়াবহ দুর্যোগ। বন্যার খবর ছড়িয়ে পড়ার পর থেকে দেশ-বিদেশের অসংখ্য মানুষ ফোন ও মেসেজের মাধ্যমে তাদের খোঁজ নিয়েছেন। এই আন্তরিক উদ্বেগ ও ভালোবাসার জন্য তিনি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

নিজের ও দলের নিরাপত্তার পাশাপাশি নেপালের বন্যার্তদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এই শিল্পী। বিপন্ন মানুষদের দ্রুত উদ্ধারের জন্য প্রার্থনা করে তাসরিফ লিখেছেন, এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও বিপদগ্রস্ত সব মানুষের জন্য মন থেকে দোয়া করছি। তিনি সবার কাছে অনুরোধ করেছেন যেন এই কঠিন সময়ে সবাই তাদের জন্য দোয়া করেন। তাসরিফ আরও আশা প্রকাশ করেন যে, আল্লাহ যেন সবাইকে হেফাজত করেন, বিপদগ্রস্তদের দ্রুত নিরাপদে ফিরিয়ে আনেন এবং পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করে দেন।