বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুক্তরাজ্য বিএনপি পূর্ব লন্ডনের একটি মিলনায়তনে বিশেষ আলোচনা সভার আয়োজন করে। গত মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন যুক্তরাজ্য বিএনপির আহ্বায়ক আবুল কালাম আজাদ এবং সভাটি সঞ্চালনা করেন সদস্য সচিব খসরুজ্জামান খসরু। অনুষ্ঠানের সূচনা হয় পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে, যা সম্পন্ন করেন আহ্বায়ক কমিটির সদস্য সোহেল আহমেদ সাদিক।
সভায় বক্তারা দলটির প্রতিষ্ঠাতা ও মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তারা বলেন, জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশে একটি আদর্শিক রাজনৈতিক ধারার সূচনা করেছিলেন। জাতীয়তাবাদী চেতনার ভিত্তিতে তিনি যে জাতি-রাষ্ট্র গঠনের স্বপ্ন দেখেছিলেন, তা আজও এ দেশের মানুষের হৃদয়ে সমুন্নত। বর্তমান প্রেক্ষাপটে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় এবং একটি সমৃদ্ধশালী আধুনিক রাষ্ট্র গড়ে তোলার লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সহযোগিতার জন্য বক্তারা সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা কামনা করেন।
সভায় দলের বিভিন্ন পর্যায়ের নেতারা স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন। বক্তাদের তালিকায় ছিলেন সাবেক সিনিয়র সহসভাপতি আব্দুল হামিদ, সাবেক সভাপতি শায়েস্তা চৌধুরী কুদ্দুস, সাবেক উপদেষ্টা মো. রফিক উল্লাহ। এছাড়াও আহ্বায়ক কমিটির সদস্য মুজিবুর রহমান মুজিব, আক্তার হোসেন, এম এ মুকিত, এমদাদ হোসেন টিপু, তাজুল ইসলাম, শহিদুল ইসলাম মামুন, ব্যারিস্টার মওদুদ আহমেদ খান, মিসবাহুজ্জামান সোহেল, হাসনাত কবির রিপন, সালেহ গজনবী, ফেরদৌস আলম, সেলিম আহমেদ, শামীম আহমেদ ও হাবিবুর রহমান হাবিবসহ অনেকে উপস্থিত ছিলেন।

