দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে আলোচনার উদ্যোগ নিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। রবিবার ঢাকায় সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি জানান, বিপিএল কেন এ বছর হচ্ছে না, সে বিষয়ে তিনি আগে থেকে অবগত ছিলেন না।
প্রতিমন্ত্রী বলেন, বিষয়টি তিনি গণমাধ্যমের কাছ থেকেই প্রথম জানতে পেরেছেন। বিপিএল বাংলাদেশের জন্য একটি অত্যন্ত জনপ্রিয় টুর্নামেন্ট উল্লেখ করে তিনি বলেন, আমার মতে বিপিএলের মতো একটি টুর্নামেন্ট প্রতি বছরই আয়োজন করা উচিত। কেন এটি এবার হচ্ছে না, তা নিয়ে বোর্ডের সাথে বসে আলোচনা করা প্রয়োজন। ভবিষ্যতে যাতে নিয়মিতভাবে এই ধরনের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, সে বিষয়ে সরকার নজর রাখবে বলেও জানান তিনি।
এর আগে বিসিবি সভাপতি জানিয়েছিলেন, টুর্নামেন্টের বিশ্বাসযোগ্যতা নিয়ে যেসব প্রশ্ন রয়েছে, সেগুলো সমাধান না করা পর্যন্ত তারা বিপিএল শুরু করতে প্রস্তুত নন। বোর্ডের এই সিদ্ধান্তকে ফ্র্যাঞ্চাইজিগুলো স্বাগত জানালেও ক্রিকেটারদের মধ্যে কিছুটা উদ্বেগের সৃষ্টি হয়েছিল, কারণ এটি তাদের আয়ের একটি বড় উৎস। যদিও পরবর্তী সময়ে ক্রিকেটারদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে বিসিবি ঘরোয়া ক্রিকেটে ম্যাচ ফি বাড়িয়ে দেয়।
ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক আরও বলেন, বোর্ড সভাপতি আপনাদের যে যৌক্তিক কারণগুলো তুলে ধরেছেন তা আমি শুনেছি। তবে বিপিএল নিয়মিত আয়োজন করার বিষয়টি নিশ্চিত করতে সরকার বিসিবির সাথে বিস্তারিত আলোচনা করবে।

