কবরীর শাড়ির প্রতি মুগ্ধতা ও ক্যারিয়ারের অজানা গল্প শোনালেন নূতন

ছোটবেলা থেকেই নাচ, গান ও অভিনয়ের প্রতি গভীর অনুরাগ ছিল চিত্রনায়িকা নূতনের। বিশেষ করে ‘রূপবান’ সিনেমায় সুজাতার অভিনয় কিংবা ‘সাত ভাই চম্পা’ দেখে কবরীর রূপ ও অভিনয়ের জাদুতে তিনি মুগ্ধ হয়েছিলেন। সেই মুগ্ধতা এতটাই তীব্র ছিল যে, ‘সাত ভাই চম্পা’ গানে কবরীর পরা শাড়িটির মতো হুবহু একটি শাড়ি কেনার জন্য তিনি অস্থির হয়ে ওঠেন। শেষ পর্যন্ত তৎকালীন ৭ টাকা খরচ করে তিনি সেই শাড়িটি সংগ্রহ করেছিলেন। সম্প্রতি জনপ্রিয় পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’-তে অংশ নিয়ে নিজের জীবনের এমন অনেক না বলা গল্প তুলে ধরেছেন এই অভিনেত্রী। রুম্মান রশীদ খানের সঞ্চালনায় জেড আই ফয়সালের প্রযোজনায় নির্মিত এই পডকাস্টটি আজ রাত ৯টায় মাছরাঙা টেলিভিশন ও রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ একযোগে প্রচার করা হবে।

পডকাস্টে নূতন তার বর্ণাঢ্য ক্যারিয়ারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন। একসময় ফোক ফ্যান্টাসি সিনেমার অপরিহার্য নায়িকা হিসেবে তিনি অসংখ্য সাপের সিনেমায় অভিনয় করেছেন। তার ভাষ্যমতে, ‘রাজমহল’ ছিল এই ঘরানার প্রথম সিনেমা। সেই সিনেমার শুটিংয়ের সময় হাতে থাকা জোড়া সাপকে অসাবধানতাবশত গলা টিপে মেরে ফেলেছিলেন তিনি। এছাড়া ক্যারিয়ারের শুরুর দিকের স্মৃতিচারণ করতে গিয়ে নূতন জানান, প্রয়াত নির্মাতা এহতেশাম তাকে ‘পীচ ঢালা পথ’ সিনেমায় অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন। তবে সে সময় তিনি সেই প্রস্তাবে সাড়া দেননি। পরবর্তীতে ‘নতুন প্রভাত’ সিনেমার মাধ্যমেই বড় পর্দায় নায়িকা হিসেবে তার অভিষেক ঘটে।