ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে জায়গা না পাওয়া ঋষভ পন্ত এবার ইরানি কাপে রেস্ট অব ইন্ডিয়া দলের নেতৃত্ব দেবেন। আগামী ১ থেকে ৫ অক্টোবর শ্রীনগরের শের-ই-কাশ্মীর স্টেডিয়ামে বর্তমান রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন জম্মু ও কাশ্মীরের মুখোমুখি হবে তার দল। এই ম্যাচে পন্তের ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করবেন সরফরাজ খান।
দীর্ঘদিন পিঠের নিচের অংশের চোটে মাঠের বাইরে থাকা আকাশ দ্বীপও দলে রয়েছেন। তবে তার খেলা পুরোপুরি ফিটনেস পরীক্ষার ওপর নির্ভর করছে। মজার ব্যাপার হলো, আকাশ দ্বীপ তার সর্বশেষ ম্যাচটি খেলেছিলেন ২০২৬ সালের ফেব্রুয়ারিতে এই জম্মু ও কাশ্মীরের বিপক্ষেই।
রেস্ট অব ইন্ডিয়ার এই দলে পেস আক্রমণে মুকেশ কুমার, মুকেশ চৌধুরী এবং আরিয়ান পাণ্ডের সঙ্গে রাখা হয়েছে আকাশ দ্বীপকে। স্পিন বিভাগে মানভ সুথার ও সারাংশ জৈনের সঙ্গে আছেন অনুকুল রায়। এছাড়া রঞ্জি ট্রফিতে সর্বাধিক রান সংগ্রাহক আর স্মরণ ও আয়ুষ দোসেজাও জায়গা পেয়েছেন চূড়ান্ত স্কোয়াডে।
রেস্ট অব ইন্ডিয়া স্কোয়াড: ঋষভ পন্ত [অধিনায়ক ও উইকেটরক্ষক], সানাত সাংওয়ান, শিখর মোহন, সুদীপ ঘরামি, সরফরাজ খান [সহ-অধিনায়ক], স্মরণ রবিচন্দ্রন, মানভ সুথার, সারাংশ জৈন, আকাশ দ্বীপ*, মুকেশ কুমার, মুকেশ চৌধুরী, আরিয়ান জুয়াল [উইকেটরক্ষক], আরিয়ান পাণ্ডে, অনুকুল রায় ও আয়ুষ দোসেজা।

