পুরো সংস্কার প্রক্রিয়া ভন্ডুল করছে সরকার: নাহিদ ইসলাম

জুলাই সনদ এবং গণভোটের রায় বাস্তবায়নে বর্তমান সরকার ব্যর্থ হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করেন, সরকার একটি সংবিধান সংশোধন কমিটি গঠনের মাধ্যমে পুরো সংস্কার প্রক্রিয়াকে নস্যাৎ করে দিতে চাচ্ছে। অথচ সংস্কারের পক্ষে দেশের ৭০ শতাংশ মানুষ ম্যান্ডেট দিয়েছে। শুক্রবার সন্ধ্যায় জয়পুরহাট শহরের স্টেশন সড়কের একটি কমিউনিটি সেন্টারে এনসিপি জয়পুরহাট জেলা শাখা আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সভায় নাহিদ ইসলাম বলেন, গণ-অভ্যুত্থানের মূল আকাঙ্ক্ষাগুলো এখনো বাস্তবায়িত হয়নি বলেই আমাদের পুনরায় রাজপথে নামতে হয়েছে। গত আট মাসে সরকার ফ্যাসিস্ট আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরে আসার সুযোগ করে দিয়েছে বলেও তিনি ক্ষোভ প্রকাশ করেন। তবে ডিসেম্বরে আওয়ামী লীগের ফেরার কোনো সুযোগ নেই বলে সাফ জানিয়ে দেন তিনি। তিনি আরও বলেন, ডিসেম্বর বিজয়ের মাস এবং এই মাসে নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ের দাবিতে তারা মাঠে সরব থাকবেন।

বিএনপির সমালোচনা করে বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, নির্বাচনের আগে তারা ফ্যাসিস্ট আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করেছে। মামলা-বাণিজ্যের মাধ্যমে আওয়ামী লীগের নেতাকর্মীদের রক্ষা করা এবং তাদের ভোটব্যাংক নিজেদের অনুকূলে নেওয়ার অপচেষ্টা হয়েছে বলেও তিনি দাবি করেন।

সভায় এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব সারজিস আলম স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে বলেন, এনসিপি আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে সারা দেশে এককভাবে প্রার্থী দেবে। সেই লক্ষ্যে দল এখন থেকেই তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

‘সাংগঠনিক অগ্রগতি পর্যালোচনা ও স্থানীয় নির্বাচনকেন্দ্রিক পরিকল্পনা প্রণয়ন’ শীর্ষক এই সভায় আরও উপস্থিত ছিলেন এনসিপি জয়পুরহাট জেলা কমিটির আহ্বায়ক নুরুল ইসলাম, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক গোলাম কবীর, সদস্যসচিব ইসমাইল হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।