আগামী ১৪ থেকে ২০ নভেম্বর বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে ‘এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড ২০২৬’। ওয়ার্ল্ড ব্লাইন্ড ক্রিকেট লিমিটেডের (ডব্লিউবিসি) তত্ত্বাবধানে এই টুর্নামেন্টের আয়োজন করেছে বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিল (বিবিসিসি)। টুর্নামেন্টের টাইটেল স্পন্সর হিসেবে থাকছে সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচি ও বিস্তারিত তথ্য নিশ্চিত করেছে আয়োজক কমিটি।
এবারের আসরে বাংলাদেশ ছাড়াও অংশগ্রহণ করবে আফগানিস্তান, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা—এই পাঁচটি জাতীয় দল। সবকটি ম্যাচ ঢাকার বসুন্ধরা স্পোর্টস সিটির ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে। এই আয়োজনকে এশিয়ায় দৃষ্টিপ্রতিবন্ধী ক্রিকেটের বিকাশে একটি বড় মাইলফলক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। বিবিসিসির আন্তর্জাতিক পরিচালক এবং ডব্লিউবিসির এশিয়া অঞ্চলের উন্নয়ন পরিচালক মঈন ইকবাল বলেন, এই টুর্নামেন্ট ঘোষণা করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। তিনি আরও জানান, অংশগ্রহণকারী পাঁচটি দেশ নিয়ে এই আসরটি একটি উত্তেজনাপূর্ণ ক্রীড়া ইভেন্ট হিসেবে গড়ে উঠবে। আয়োজকদের পক্ষ থেকে সকল দেশের দলকে বাংলাদেশে উষ্ণ অভ্যর্থনা জানানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।

