২৫ বছর পূর্তিতে চয়নিকা চৌধুরীর বিশেষ নাটক ‘প্রথম দেখার

নাট্যনির্মাতা হিসেবে দীর্ঘ ২৫ বছরের পথচলা পূর্ণ করলেন নন্দিত নির্মাতা চয়নিকা চৌধুরী। কর্মজীবনের এই রজতজয়ন্তীকে স্মরণীয় করে রাখতে তিনি নির্মাণ করেছেন বিশেষ একক নাটক ‘প্রথম দেখার পর’। ১৮ সেপ্টেম্বর, শুক্রবার রাত ১০টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে নাটকটি প্রচারিত হবে। রোমান্টিক গল্পনির্ভর এই নাটকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদ ও অভিনেত্রী তানজিন তিশা। এছাড়াও দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে বরেণ্য অভিনয়শিল্পী আবুল হায়াত ও ডলি জহুরকে।

নাটকের গল্পে দেখা যাবে, মাতৃহীন যুবক আরিয়ান তার বাবার প্রতিষ্ঠানের সমস্ত দায়িত্ব সামলাচ্ছে। বাবার সঙ্গে তার সম্পর্কটি বন্ধুর মতো গভীর। একদিন অফিস থেকে বাসায় ফেরার পথে আচমকাই আরিয়ানের গাড়ির সামনে চলে আসে এক অপরিচিত তরুণী। তাকে সাহায্য ও সেবা দেওয়ার চেষ্টা করলে মেয়েটি ধন্যবাদ জানিয়ে দ্রুত চলে যায়। তবে ঘটনার এখানেই শেষ নয়। ‘আয়েশা’ নামের সেই লাস্যময়ী মেয়েটিকে প্রথম দেখার পর থেকেই মনের ভেতর এক উথাল-পাথাল শুরু হয় আরিয়ানের। সে মনে মনে আয়েশাকে খুঁজতে শুরু করে।

পরবর্তীতে বাস স্টেশনে আয়েশাকে দেখতে পেয়ে আরিয়ান নিজেই এগিয়ে যায় এবং পরিচিত হয়ে তাকে অনুসরণ করতে থাকে। আয়েশা প্রথমে তার ওপর বিরক্তি প্রকাশ করলেও একপর্যায়ে আরিয়ানের নিটোল ভালোবাসার কাছে দুর্বল হয়ে পড়ে। সেখান থেকেই শুরু হয় তাদের মিষ্টি প্রেমের গল্প। একপর্যায়ে আয়েশাকে নিজের বাবার সঙ্গে পরিচয় করিয়ে দেয় আরিয়ান। তার বাবাও মেয়েটিকে খুব পছন্দ করেন।

কিন্তু নাটকের গল্পে এক নতুন মোড় আসে তখন, যখন আরিয়ান আয়েশাকে সরাসরি বিয়ের প্রস্তাব দেয়। প্রস্তাব পাওয়ার পরপরই হঠাৎ সব ধরনের যোগাযোগ বন্ধ করে আরিয়ানের জীবন থেকে দূরে সরে যায় আয়েশা। আরিয়ানও তাকে পাগলের মতো খুঁজতে শুরু করে। শেষ পর্যন্ত আরিয়ান কি তার ভালোবাসার আয়েশাকে খুঁজে পাবে, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো রহস্য—তা জানতে চোখ রাখতে হবে মাছরাঙা টেলিভিশনের পর্দায়।