ফুটবল ক্যারিয়ারের শুরু থেকেই নাইকির সঙ্গে যুক্ত ছিলেন কিলিয়ান এমবাপ্পে। তবে দীর্ঘ সেই সম্পর্কের ইতি টেনে এবার সুইস স্পোর্টসওয়্যার ব্র্যান্ড ‘অন’-এর সঙ্গে চুক্তিবদ্ধ হলেন ফ্রান্সের এই অধিনায়ক। শুক্রবার আনুষ্ঠানিকভাবে এই নতুন যাত্রার ঘোষণা দিয়েছে সুইস ব্র্যান্ডটি। ফুটবল বিশ্বে নিজেদের প্রথম পদক্ষেপ হিসেবে এমবাপ্পের মতো তারকা খেলোয়াড়কে পাশে পাওয়ার বিষয়টি তাদের জন্য বড় মাইলফলক বলে উল্লেখ করেছে প্রতিষ্ঠানটি।
নতুন এই অংশীদারিত্বের বিষয়ে এমবাপ্পে বলেন, নতুন কিছু তৈরির সুযোগই তাকে ‘অন’-এর দিকে আকৃষ্ট করেছে। তিনি জানান, উদ্ভাবনী শক্তি কাজে লাগিয়ে ফুটবলের ভবিষ্যতের রূপরেখা তৈরিতে তিনি তার অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি যোগ করতে চান। ফুটবল খেলার আনন্দকে সবসময় অটুট রেখে নতুন সম্ভাবনা তৈরি করাই তাদের লক্ষ্য বলে জানিয়েছেন তিনি।
এমবাপ্পের সঙ্গে যোগ দেওয়ার পাশাপাশি প্রতিষ্ঠানটি ১৯৯৮ সালের বিশ্বকাপ জয়ী থিয়েরি অঁরিকে তাদের নতুন ফুটবল পরিচালক হিসেবে নিয়োগ দেওয়ার কথাও জানিয়েছে। ২০২৬ সালে তাদের প্রথম ফুটবল বুট বাজারে আনার পরিকল্পনা রয়েছে। ২০১০ সালে প্রতিষ্ঠিত এই কোম্পানিটি এতদিন মূলত দৌড় ও টেনিসের জুতা তৈরির জন্য পরিচিত ছিল। টেনিস কিংবদন্তি রজার ফেদেরারও এই কোম্পানির অংশীদারদের একজন, যিনি নিজেও ক্যারিয়ারের শেষ দিকে নাইকি ছেড়ে অন-এ যোগ দিয়েছিলেন।
এমবাপ্পের এই দলবদল নাইকির জন্য বড় এক ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। ২০০৬ সাল থেকেই রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড নাইকির ফুটবল ব্যবসার অন্যতম প্রধান মুখ ছিলেন। ২০১৮ সালের বিশ্বকাপ জয়ী এবং টুর্নামেন্টের ইতিহাসে ২২ গোল নিয়ে সর্বোচ্চ গোলদাতা এমবাপ্পে ধীরে ধীরে নাইকির প্রধান অ্যাম্বাসেডর হিসেবে ক্রিশ্চিয়ানো রোনালদোর স্থলাভিষিক্ত হয়েছিলেন। ৪১ বছর বয়সী রোনালদো বর্তমানে তার ক্যারিয়ারের শেষভাগে অবস্থান করছেন।
এর আগে ২০২৪ সালে স্পেনকে বিশ্বকাপ জেতানো তরুণ প্রতিভা লামিন ইয়ামালও নাইকি ছেড়ে অ্যাডিডাসে যোগ দিয়েছিলেন। তবে নাইকির সঙ্গে এরিন হলান্ড এবং ভিনিসিয়াস জুনিয়রের মতো বড় তারকাদের চুক্তি এখনো বহাল রয়েছে। এমবাপ্পের সঙ্গে চুক্তির আর্থিক মূল্য কত তা এখনো প্রকাশ করা হয়নি।

