মধ্যরাতের পরপর দক্ষিণ লেবাননের খিয়াম শহর ও এর আশপাশের এলাকা এক প্রচণ্ড বিস্ফোরণে কেঁপে ওঠে। এই বিস্ফোরণটি নাবা আল-রাইকা থেকে আল-মাবারাত সংযোগস্থল পর্যন্ত প্রায় ৩০০ মিটার এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের তীব্রতা এত বেশি ছিল যে জেদেইদেত মারজায়ুন ও আল-কালাইয়াহর মতো পার্শ্ববর্তী শহরগুলোতেও এর কম্পন অনুভূত হয়েছে। লেবাননের জাতীয় বার্তা সংস্থা এনএনএ এ তথ্য নিশ্চিত করেছে।
এদিকে বৃহস্পতিবার ভোররাতে দক্ষিণ লেবাননের আল-মানসুরি শহর এবং জিবকিন শহরের সংলগ্ন উপত্যকা লক্ষ্য করে নতুন করে গোলাবর্ষণ করেছে ইসরাইলি বাহিনী। সীমান্তবর্তী অঞ্চলে ধারাবাহিক এই হামলায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক বিরাজ করছে। তবে এসব ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

