জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির ১৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সম্প্রতি রাজধানীর ফারস হোটেল অ্যান্ড রিসোর্টের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়েছে। আয়োজিত এই সভায় কোম্পানির শেয়ারহোল্ডারদের জন্য ৩ শতাংশ নগদ লভ্যাংশ প্রদানের ঘোষণা দেয়া হয়। সভার সভাপতিত্ব করেন কোম্পানির ভাইস চেয়ারম্যান এটিএম এনায়েত উল্লাহ।
সভায় পরিচালনা পর্ষদের সদস্য মুশফিক আজীম খান, মিসেস সৈয়দা নাসরিন আজীম, মানসুদ আলম, মিসেস নাজিয়াত আলম, মো. ছায়েদুর রহমান, নিরপেক্ষ পরিচালক বিদ্যুৎ চন্দ্র গুপ্ত (এফসিএ) এবং অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানে মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান, কোম্পানি সচিব আবদুর রহমান, সিএফও ফারুক আহমেদসহ বহিঃনিরীক্ষক এবং প্রতিষ্ঠানের শেয়ারহোল্ডাররা অংশ নেন।
বার্ষিক সভায় কোম্পানির গত বছরের ব্যবসায়িক অর্জন, আর্থিক ফলাফল ও পরিচালনাগত অগ্রগতির পাশাপাশি ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এতে শেয়ারহোল্ডাররা কোম্পানির বর্তমান ব্যবসায়িক প্রবৃদ্ধিতে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যৎ লক্ষ্য অর্জনে ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন। কোম্পানির পক্ষ থেকে জানানো হয় যে, গ্রাহকদের আস্থা ও সন্তুষ্টিকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে বীমা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ইসলামী মূল্যবোধ ও বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থার বিধিবিধান মেনে প্রতিষ্ঠানের সেবার পরিধি আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে তাদের।
ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ডিজিটাল সেবার মান উন্নয়ন এবং কোম্পানিকে একটি দক্ষ ও টেকসই অবস্থানে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেয়া হয়। অনুষ্ঠানের শেষ পর্যায়ে পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ প্রতিষ্ঠানের এই পথচলায় শেয়ারহোল্ডার, গ্রাহক, কর্মকর্তা-কর্মচারী ও ব্যবসায়িক সহযোগীদের আন্তরিক ধন্যবাদ জানান। সবার সম্মিলিত প্রচেষ্টায় জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স আগামীতে আরও বড় ধরনের সাফল্যের দিকে এগিয়ে যাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

