মিরপুর ইনডোর স্টেডিয়ামে টানটান উত্তেজনার মধ্য দিয়ে পর্দা নামলো আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড আয়োজিত ‘ক্লেমন ইনডোর ইউনি ক্রিকেট ২০২৬’-এর। টুর্নামেন্টের অষ্টম আসরে দেশের ৩২টি বেসরকারি বিশ্ববিদ্যালয় অংশ নেয়। নিজেদের ক্যাম্পাসের দলগুলোকে সমর্থন জানাতে শিক্ষার্থীদের উপস্থিতি এবং ব্যাটে-বলের জমজমাট লড়াইয়ে স্টেডিয়াম প্রাঙ্গণ ছিল মুখরিত। টুর্নামেন্টের চূড়ান্ত পর্বে শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করে ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ। অধিনায়ক শরিফুল ইসলামের নেতৃত্বে দলটি পুরো টুর্নামেন্টে অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে শিরোপা নিশ্চিত করে।
মূল টুর্নামেন্ট শুরুর আগে ৩২টি বিশ্ববিদ্যালয়ে ট্রফি রাইড আয়োজিত হয়, যা শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ তৈরি করে। স্টেডিয়ামের ভেন্যুতে দর্শকদের জন্য ছিল বিশেষ বিনোদনমূলক আয়োজন, যার মধ্যে হেলিকপ্টার রাইড ও উপহার জেতার সুযোগ অন্যতম। গ্যালারিতে বসে সরাসরি বল ক্যাচ ধরার মাধ্যমে ‘ক্যাচ ইট, উইন ইট’ প্রোগ্রামে দর্শকদের নগদ ৫০০ টাকা পুরস্কার জেতার সুযোগ ছিল, যা খেলাটিকে আরও আকর্ষণীয় করে তোলে। টুর্নামেন্ট উপলক্ষে ছিল নানা বৈচিত্র্যময় আয়োজন।
আয়োজনটির সাফল্য নিয়ে আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের চেয়ারম্যান শেখ শামীম উদ্দিন বলেন, গত আট বছর ধরে এই টুর্নামেন্টের মাধ্যমে তরুণদের ক্রিকেটের সঙ্গে সম্পৃক্ত করা হচ্ছে। তরুণ প্রজন্মের এই প্রাণবন্ত অংশগ্রহণই তাদের অগ্রযাত্রাকে সমৃদ্ধ করছে। ভবিষ্যতেও ক্লেমন তরুণদের পাশে থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ জহুরুল আলম বলেন, তরুণদের ক্রিকেট-আবেগ উদযাপন করাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য। ৩২টি বিশ্ববিদ্যালয়ের সক্রিয় অংশগ্রহণ এবং প্রতিটি ম্যাচ সফলভাবে সম্পন্ন হওয়ায় আয়োজক কমিটি সন্তোষ প্রকাশ করেছে। আগামীতে আরও বড় পরিসরে এই টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে তাদের।

