অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নিউ কলেজ থেকে পদার্থবিজ্ঞানে বিএ অনার্স ডিগ্রি অর্জন করেছেন বাংলাদেশি বংশোদ্ভুত মেধাবী শিক্ষার্থী সাইমুর মুজিব রহমান। স্নাতক পর্যায়ে তিনি ৬৭ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হয়েছেন। এই সাফল্যের পাশাপাশি প্রফেসর স্টিফেন টাকারের তত্ত্বাবধানে পরিচালিত বিএ প্রজেক্ট ও বিএ গ্রুপ প্রজেক্টের জন্য তিনি বিশ্ববিদ্যালয় থেকে দুটি পৃথক পুরস্কার লাভ করেন। গত ২৫ সেপ্টেম্বর অক্সফোর্ডের ঐতিহ্যবাহী সমাবর্তন অনুষ্ঠানে তাকে এই ডিগ্রি প্রদান করা হয়। অনুষ্ঠানের শুরুটা ইংরেজি ভাষায় হলেও, মূল ডিগ্রি প্রদানের পর্বটি সম্পন্ন হয়েছে প্রাচীন একাডেমিক রীতি অনুযায়ী ল্যাটিন ভাষায়। গত ২৫ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য অনুসারে ডিগ্রি প্রদান অনুষ্ঠান হয়।
শিক্ষা জীবন শেষ করার আগেই সাইমুর তার পেশাগত ক্যারিয়ার শুরু করেছেন। বর্তমানে তিনি লন্ডনের শীর্ষস্থানীয় ইনভেস্টমেন্ট ব্যাংকিং ও ফিনান্সিয়াল সার্ভিসেস প্রতিষ্ঠান ‘জেফ্রিজ ফাইন্যান্সিয়াল গ্রুপ ইনকর্পোরেটেড’-এ কর্মরত আছেন। অক্সফোর্ডে পড়ার সময় তিনি ওকিনাওয়া ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজি, স্টার্লিং টেক কোম্পানি এবং জেফ্রিজ-এর ডেটা সায়েন্স ও ইনফরমেশন সিকিউরিটি বিভাগে ইন্টার্নশিপ করে হাতে-কলমে বাস্তব অভিজ্ঞতা অর্জন করেছেন। এর আগে লন্ডনের ‘লন্ডন একাডেমি অব এক্সসেলেন্স’ থেকে তিনি পদার্থবিজ্ঞান, গণিত, উচ্চতর গণিত এবং রসায়নে এ স্টার পেয়ে এ লেভেল সম্পন্ন করেন। সে সময় তার ইপিকিউ (EPQ) প্রজেক্টের বিষয় ছিল, ‘টু হোয়াট এক্সটেন্ট ক্যান কোয়ান্টাম কম্পিউটিং এফেক্ট দ্য ওয়ার্ল্ড, ইকোনোমিক্যালি, এনভারমেন্টালি অ্যান্ড সোস্যালি’, যেখানেও তিনি এ স্টার অর্জন করেছিলেন।
সাইমুরের বাবা ড. এম. মুজিবুর রহমান শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক সহকারী অধ্যাপক। যুক্তরাজ্যের ব্রিস্টল ইউনিভার্সিটি থেকে রসায়নে পিএইচডিধারী ড. মুজিবুর রহমান বাথ ও নটিংহাম বিশ্ববিদ্যালয়ে পোস্ট ডক্টরাল রিসার্চ ফেলো হিসেবে কাজ করেছেন। সম্প্রতি তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন ‘জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ’ (এনএসডিএ)-এর সদস্য (গ্রেড-২) হিসেবে নিয়োগ পেয়েছেন। সাইমুরের মা সাবিনা ইয়াসমীন বখত রসায়নে স্নাতক সম্পন্ন করে বর্তমানে যুক্তরাজ্যের একটি সেকেন্ডারি স্কুলে শিক্ষকতা করছেন। উল্লেখ্য, গত বছর বিবাহবন্ধনে আবদ্ধ হন সাইমুর। তার বিয়েতে উপস্থিত হয়ে নবদম্পতিকে আশীর্বাদ করেছিলেন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। সম্প্রতি প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন বাংলাদেশে ‘জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ’ (ন্যাশনাল স্কিলস ডেভেলপমেন্ট অথরিটি-এনএসডিএ)-এর সদস্য (গ্রেড-২) পদে নিয়োগ পেয়েছেন।

