রাজধানীর উত্তরার একটি ফ্ল্যাট থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ১৫ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ। সোমবার ২৮ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টার দিকে উত্তরা ৭ নম্বর সেক্টরের ২০ নম্বর রোডের ১০ নম্বর বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে নাশকতার পরিকল্পনা জানার পর পুলিশ এই অভিযান পরিচালনা করে। গ্রেফতারকৃতদের মধ্যে এক তরুণীও রয়েছেন। মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনার জন্মদিন উদ্যাপনের সময় রাজধানীর উত্তরার একটি ফ্ল্যাট থেকে তরুণীসহ নিষিদ্ধ ছাত্রলীগের ১৫ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর জানান, নাশকতার খবর পেয়ে ফ্ল্যাটটিতে অভিযান চালানো হয়। যে ফ্ল্যাটটিতে তারা জড়ো হয়েছিলেন, সেটি বরগুনা-২ আসনের সাবেক সংসদ সদস্য শওকত হাসানুর রহমান রিমনের বলে জানা গেছে। পুলিশি অভিযানে গ্রেফতারকৃতদের মধ্যে বরগুনার পাথরঘাটা উপজেলার কাকচিড়া থানার নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতি মো. রাজিব, ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রানা, কর্মী ফাহিম এবং ছাত্রলীগ নেত্রী ফারজুসহ মোট ১৫ জন উপস্থিত ছিলেন।

