না ফেরার দেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নিম চন্দ্র ভৌমিক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বীর মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের অন্যতম সভাপতি অধ্যাপক নিম চন্দ্র ভৌমিক শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকার জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭৭ বছর বয়সে তিনি মারা যান। ঐক্য পরিষদের পক্ষ থেকে রবিবার এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রয়াত এই শিক্ষকের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য রবিবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত তার মরদেহ ঢাকার শ্রীশ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণে রাখা হবে। এরপর তার মরদেহ নেওয়া হবে গ্রামের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের মির্জানগরে। সেখানে বীর মুক্তিযোদ্ধা হিসেবে রাষ্ট্রীয় সম্মাননা প্রদানের পর তার শেষকৃত্য সম্পন্ন হবে।