মন্টিনেগ্রোতে বছরে ৫০ হাজারের বেশি বাংলাদেশি কর্মী নিয়োগের সম্ভাবনা

বাংলাদেশ থেকে প্রতি বছর ৫০ হাজারের বেশি দক্ষ ও পেশাজীবী কর্মী নিয়োগের প্রয়োজন রয়েছে বলে জানিয়েছেন মন্টিনেগ্রোর পার্লামেন্ট সদস্য গোরদান স্তোয়োভিচ। সোমবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সাক্ষাৎকালে এই সম্ভাবনার কথা জানান তিনি। বৈঠকে পর্যটন, নির্মাণ, আতিথেয়তা ও চিকিৎসাসেবাসহ বিভিন্ন খাতে কর্মী নিয়োগের জন্য সরকার-টু-সরকার বা জি-টু-জি চুক্তির বিষয়েও আলোচনা হয়। ৫ অক্টোবর (সোমবার) পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সাক্ষাৎকালে এসব বিষয়ে আলোচনা হয়। বৈঠকে বাংলাদেশ ও মন্টিনেগ্রোর মধ্যে পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ গঠনের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়। দুই দেশের পার্লামেন্টের মধ্যে সম্পর্ক সম্প্রসারণ, সংসদীয় কূটনীতি জোরদার, প্রতিনিধি দলের সফর বিনিময় এবং জনগণের মধ্যে যোগাযোগ বাড়াতে বাংলাদেশ-মন্টিনেগ্রো পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ গঠনের বিষয়ে আলোচনা করেন তারা।

বৈঠকে মন্টিনেগ্রোকে একটি আমদানিনির্ভর দেশ হিসেবে উল্লেখ করে গোরদান স্তোয়োভিচ জানান, তৈরি পোশাকের পাশাপাশি বাংলাদেশ থেকে ওষুধ, চামড়া ও চামড়াজাত পণ্য, সিরামিক এবং পাট ও পাটজাত পণ্য আমদানি বাড়ানোর সুযোগ রয়েছে। এর পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানিসহ বিভিন্ন খাতে মন্টিনেগ্রোর বিনিয়োগের সম্ভাবনার দিকটিও তুলে ধরেন তিনি। কৃষি, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ, সামুদ্রিক খাদ্য, পরিবেশবান্ধব পর্যটন, তৈরি পোশাক, নবায়নযোগ্য জ্বালানি ও বর্জ্য ব্যবস্থাপনার মতো খাতে বিনিয়োগের সুযোগের কথা উল্লেখ করেন তিনি। বৈঠকে শিক্ষা, নারীর ক্ষমতায়ন, খেলাধুলা ও সংস্কৃতি, জনশক্তি ও কর্মসংস্থানের সুযোগ, মানব চলাচল ও অভিবাসন, ভিসা প্রক্রিয়া সহজীকরণ এবং জলবায়ু পরিবর্তনের মতো বিভিন্ন ইস্যুতে আন্তর্জাতিক সংস্থাগুলোতে আরো ঘনিষ্ঠ সহযোগিতা ও অংশীদারি নিয়েও আলোচনা হয়। বাংলাদেশে তথ্যপ্রযুক্তি পেশাজীবী, প্রকৌশলী, নির্মাণশ্রমিক ও স্বাস্থ্যসেবা কর্মীসহ বিপুলসংখ্যক দক্ষ জনশক্তি রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। বাংলাদেশি কর্মীরা যাতে মন্টিনেগ্রোর অর্থনীতিতে আরো কার্যকরভাবে অবদান রাখতে পারেন, সে জন্য ওয়ার্ক পারমিট প্রক্রিয়া সহজ করা এবং শ্রমিকদের চলাচলসংক্রান্ত চুক্তি কার্যকর করার ওপর উভয় পক্ষ গুরুত্ব দেয়।

পর্যটন খাতে মন্টিনেগ্রোর বিশেষ আঞ্চলিক অবস্থানের কথা তুলে ধরে দেশটির পার্লামেন্ট সদস্য বাংলাদেশের পর্যটন খাতের উন্নয়নে যৌথ সহযোগিতা ও বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন। অন্যদিকে, পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন যে বর্তমান সরকার বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তির বৈধ অভিবাসন নিশ্চিত করতে কাজ চালিয়ে যাচ্ছে। দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক ও সহযোগিতার ক্ষেত্র আরও প্রসারের লক্ষ্যে এই আলোচনা অনুষ্ঠিত হয়।