আগামী ২৪ অক্টোবর আবুধাবির ইয়াস আইল্যান্ডে অবস্থিত ইতিহাদ অ্যারেনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে মিশ্র মার্শাল আর্টসের জমকালো ইভেন্ট ‘ইউএফসি ৩৩৩’। এই লড়াইগুলো মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার দর্শকদের জন্য স্টারজপ্লে (STARZPLAY)-তে সরাসরি সম্প্রচার করা হবে। আবুধাবির এই আসর বিশ্বজুড়ে এমএমএ ভক্তদের নজর কেড়েছে, যা শহরটিকে বিশ্বমানের লড়াইয়ের অন্যতম প্রধান গন্তব্য হিসেবে আরও সুপ্রতিষ্ঠিত করেছে।
টুর্নামেন্টের মূল আকর্ষণে ফেদারওয়েট চ্যাম্পিয়ন অস্ট্রেয়ালিয়ার আলেকজান্ডার ভলকানভস্কি তার শিরোপা ধরে রাখার লড়াইয়ে মুখোমুখি হবেন রাশিয়ার অপরাজিত প্রতিদ্বন্দ্বী মোভসার ইভলোয়েভের। একদিকে অভিজ্ঞ চ্যাম্পিয়ন ভলকানভস্কির কৌশল, অন্যদিকে অপরাজেয় ইভলোয়েভের জয়ের ক্ষুধা—সব মিলিয়ে এই লড়াইটিকে ঘিরে উত্তেজনা তুঙ্গে।
সহ-মূল আকর্ষণ বা কো-মেইন ইভেন্টে ব্যান্টামওয়েট চ্যাম্পিয়ন পিওতর ইয়ান তার শিরোপা অক্ষুণ্ণ রাখতে লড়বেন সাবেক চ্যাম্পিয়ন ও এক নম্বর র্যাঙ্কধারী মেরাভ দভালিভিলির বিরুদ্ধে। এটি তাদের মধ্যকার তৃতীয়বারের মতো লড়াই। শিরোপার এই দ্বৈরথ ছাড়াও ইভেন্টটিতে থাকছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচ। হেভিওয়েট বিভাগে আলেকজান্ডার ভলকভ লড়বেন রিজওয়ান কুনিয়েভের বিপক্ষে। এছাড়া ফেদারওয়েট লড়াইয়ে আর্নল্ড অ্যালেন ও অ্যারন পিকোর এবং ফ্লাইওয়েট বিভাগে লোন’এর কাভানা ও রমজান তেমিরভের মধ্যকার লড়াইও বেশ আকর্ষণীয় হবে বলে আশা করা হচ্ছে।
আবুধাবির সাথে মিশ্র মার্শাল আর্টসের দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে এবং এবারও বিশ্বখ্যাত সব যোদ্ধাদের নিয়ে ইভেন্টটি সাজানো হয়েছে। শিরোপার দুই লড়াইয়ে কে শেষ পর্যন্ত বিজয়ী হবেন, তা নিয়ে ভক্তদের মধ্যে ব্যাপক জল্পনা চলছে। চ্যাম্পিয়নরা কি তাদের আধিপত্য বজায় রাখতে পারবেন, নাকি নতুন চ্যালেঞ্জাররা ইতিহাস গড়বেন—সেই উত্তর মিলবে অক্টোবরের ২৪ তারিখের অক্টাগনের লড়াইয়ে। স্টারজপ্লে এই বড় ইভেন্টের সরাসরি সম্প্রচার এবং আপডেট পৌঁছে দিতে প্রস্তুত রয়েছে।

