প্রথম প্রেম ও বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন বিজয়ের ছেলে

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ও জনপ্রিয় অভিনেতা বিজয়ের ছেলে জেসন সঞ্জয় সম্প্রতি এক সাক্ষাৎকারে তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলেছেন। ভিজে সিদ্ধুর সাথে কথোপকথনের সময় জেসন জানান, কলেজজীবনে তিনি একবারই প্রেমে পড়েছিলেন এবং সেই সম্পর্কটি দেড় বছর টিকে ছিল। জেসনের ভাষ্যমতে, সম্পর্কের ইতি টানার সিদ্ধান্তটি ছিল পারস্পরিক সম্মতির ভিত্তিতে এবং তারা আলোচনার মাধ্যমেই বিচ্ছিন্ন হয়েছেন। তিনি জানিয়েছেন, জীবনে প্রেম এসেছিল একবারই। জেসন বলেন, ‘আমাদের দুজনের সম্মতিতেই বিচ্ছেদ হয়েছিল।

বিচ্ছেদের পরবর্তী কঠিন সময়ে নিজেকে সামলে নিতে জেসন গায়ক যুবান শঙ্কর রাজার প্রেমের গানগুলো শুনতেন। তিনি জানান, সেই সময় সামাজিক যোগাযোগমাধ্যম থেকে পুরোপুরি দূরত্ব বজায় রেখেছিলেন তিনি। ইনস্টাগ্রামে কোনো ধরনের স্টোরি বা পোস্ট না দেওয়ার পেছনে তাঁর যুক্তি ছিল, ভবিষ্যতে কোনো কারণে যোগাযোগ হলে পুরোনো পোস্ট বা স্টোরি যেন নতুন কোনো জটিলতার সৃষ্টি না করে। তাই দুজনই একে অপরের কাছ থেকে দূরত্ব রেখেছিলেন।

বর্তমানে নিজের মানসিক অবস্থা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে জেসন বলেন, তিনি এখন ভালো আছেন এবং অতীতের সেই সময়টিকে স্বাভাবিকভাবেই দেখছেন। নিজের ইচ্ছার বিরুদ্ধে কোনো কাজ না করার বিষয়েও তিনি সচেতন। প্রেমের সম্পর্ক শেষে তিনি নিজের কাজে পূর্ণ মনোযোগ দেন এবং পরিচালক হিসেবে তাঁর প্রথম সিনেমা ‘সিগমা’ নিয়ে ব্যস্ত হয়ে পড়েন।

উল্লেখ্য যে, গত ২ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে জেসন সঞ্জয় পরিচালিত সিনেমা ‘সিগমা’। মুক্তির পর থেকে সিনেমাটি বেশ আলোচনার জন্ম দিয়েছে। প্রথম সোমবার পর্যন্ত ভারতে সিনেমাটির আয় দাঁড়িয়েছে ৬ কোটি ১৯ লাখ রুপি এবং বিশ্বজুড়ে এর মোট আয় সাত কোটি ৪ লাখ রুপিতে পৌঁছেছে।

ছেলের সিনেমার মুক্তির দিনে পাশে ছিলেন বাবা বিজয়। গত শুক্রবার মধুরান্থাগামে আয়োজিত এক রোড শো চলাকালীন এক দলীয় কর্মীর উপহার দেওয়া জেসনের একটি ফ্রেমে বাঁধানো ছবি তিনি মাথার ওপর তুলে ধরেন। সিনেমার সাফল্য ও ব্যক্তিগত জীবনের এই নতুন অধ্যায় নিয়ে বর্তমানে জেসন বেশ ইতিবাচক অবস্থানে আছেন।