আজীবন সম্মাননায় ভূষিত অভিনেত্রী নূতন

ঢাকাই চলচ্চিত্রের আশির দশকের জনপ্রিয় অভিনেত্রী নূতনকে ‘আজীবন সম্মাননা’য় ভূষিত করা হয়েছে। বাংলাদেশ চলচ্চিত্র নৃত্য পরিচালক সমিতির ২০২৬-২০২৮ মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠানে তাঁকে এই সম্মাননা প্রদান করা হয়। গত সোমবার আয়োজিত এই বর্ণাঢ্য অনুষ্ঠানে চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী সুজাতা এবং চিত্রনায়িকা পূর্ণিমা উপস্থিত থেকে নূতন’র হাতে সম্মাননা স্মারক তুলে দেন। পুরস্কার গ্রহণের সময় নূতন বলেন, বাংলাদেশ চলচ্চিত্র নৃত্য পরিচালক সমিতির এই স্বীকৃতির জন্য তিনি আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা জানাচ্ছেন। শ্রদ্ধেয় সুজাতা আপার কাছ থেকে সম্মাননা গ্রহণ করতে পেরে তিনি অত্যন্ত পুলকিত এবং মঞ্চেই তাঁর পা ছুঁয়ে গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন বলে জানান।

অনুষ্ঠানে চিত্রনায়িকা পূর্ণিমা তাঁর প্রতিক্রিয়ায় জানান, এমন একটি মর্যাদাপূর্ণ আয়োজনে উপস্থিত থাকতে পেরে তিনি আনন্দিত। লিজেন্ডারি অভিনেত্রী নূতনকে আজীবন সম্মাননা প্রদানের মতো একটি বিশেষ মুহূর্তের সাক্ষী হতে পেরে নিজেকে গর্বিত বলে মনে করছেন তিনি। একই সঙ্গে অনুষ্ঠানের আয়োজনে আমন্ত্রণ জানানোর জন্য নৃত্য পরিচালক ইভান শাহরিয়ার সোহাগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন পূর্ণিমা।

বাংলাদেশ চলচ্চিত্র নৃত্য পরিচালক সমিতির নতুন কমিটির নেতৃত্বের দায়িত্বভার গ্রহণ করেছেন সভাপতি মো. সাইফুল ইসলাম এবং সাধারণ সম্পাদক সাইফ খান (কালু)। এছাড়া উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন আজিজ রেজা, এস এম মাসুম ও ইমদাদুল হক খোকন। নবগঠিত কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে নির্বাচিতরা হলেন—সহসভাপতি সালাম রিজভী ও ইউসুফ খান, যুগ্ম সাধারণ সম্পাদক এ আই আলম, সাংগঠনিক সম্পাদক এ কে আজাদ, কোষাধ্যক্ষ হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নৃত্য পরিচালক হাবিবুর রহমান (হাবিব), প্রচার ও দপ্তর সম্পাদক নুহু রাজ চৌধুরী এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হিসেবে রয়েছেন সজীব মাহমুদ মাইকেল ও ইভান শাহরিয়ার সোহাগ।

কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন রোহান ও বিল্লাল (যুগ্মভাবে)। এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন রোজান ইসলাম দিলীপ, মহিউদ্দিন আহমেদ ইরান, জসিমউদ্দিন রহিম, রতন মিয়া, দেলোয়ার হোসেন টুকু, আব্রাহাম এক্স শাকিল এবং অপু-বিল্লাল। চলচ্চিত্র শিল্পের সংশ্লিষ্টদের উপস্থিতিতে আয়োজিত এই অভিষেক অনুষ্ঠানটি বেশ উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।