স্থানীয় নির্বাচনে চাঁদাবাজ বর্জনের আহ্বান মুফতি রেজাউল করীমের

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম আগামী স্থানীয় সরকার নির্বাচনে ধোঁকাবাজ, চাঁদাবাজ ও নৈরাজ্য সৃষ্টিকারীদের বর্জন করে শরিয়াহর পক্ষের শক্তিকে নির্বাচিত করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। একই সঙ্গে ইসলামী শ্রমিক আন্দোলনের দায়িত্বশীলদের নির্বাচনে প্রার্থী হওয়ার পাশাপাশি দলীয় প্রার্থীদের বিজয়ী করতে অগ্রণী ভূমিকা রাখার তাগিদ দেন তিনি।

শুক্রবার (৯ অক্টোবর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত ‘জাতীয় শ্রমিক কাউন্সিল ’২৬’-এর প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মুফতি রেজাউল করীম। তিনি অভিযোগ করেন, বাংলাদেশ সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে স্বাধীন হলেও, স্বাধীনতার পর থেকে কোনো সরকারই এই লক্ষ্য বাস্তবায়নে সফল হয়নি। দেশের বর্তমান শ্রমব্যবস্থা শ্রমিকবান্ধব নয় বলে তিনি মন্তব্য করেন।

অটোরিকশাচালকদের বিষয়ে মুফতি রেজাউল করীম বলেন, তাদের ওপর জুলুম বা নির্যাতন না চালিয়ে বরং প্রয়োজনীয় প্রশিক্ষণ ও দিকনির্দেশনা দেওয়ার মাধ্যমে তাদের সুশৃঙ্খলভাবে যানবাহন চালানোর সুযোগ করে দেওয়া উচিত। শ্রমজীবী মানুষের জীবন-জীবিকা রক্ষা করে একটি সুশৃঙ্খল পরিবহন ব্যবস্থা গড়ে তোলার গুরুত্বারোপ করেন তিনি। তার মতে, শ্রমিকদের মুক্তি ও মর্যাদা নিশ্চিত করতে ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের কোনো বিকল্প নেই।

কাউন্সিলের শেষ পর্যায়ে ২০২৭-২৮ সেশনের জন্য ইসলামী শ্রমিক আন্দোলনের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। এতে মুহাম্মাদ খলিলুর রহমানকে সভাপতি, কে এম বিল্লাল হোসাইনকে সহসভাপতি এবং এইচ এম রফিকুল ইসলামকে সেক্রেটারি জেনারেল হিসেবে মনোনীত করেন প্রধান অতিথি মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।