ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ডাকা এক বিক্ষোভে যোগ দিতে গিয়ে মুম্বাই পুলিশের হাতে আটক হয়েছেন জনপ্রিয় বলিউড অভিনেতা ইমরান খান। শনিবার (১০ অক্টোবর) মুম্বাইয়ের আগস্ট ক্রান্তি ময়দানে ককরোচ পার্টির ব্যানারে এই বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়েছিল। পুলিশ বর্তমানে তাকে নিজেদের হেফাজতে রেখেছে।
আটকের পর পুলিশের গাড়ির ভেতর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি শেয়ার করেছেন এই অভিনেতা। এছাড়া তিনি আন্দোলনরত তরুণদের উদ্দেশে এক বার্তায় বলেন, ভারতের তরুণরা, তোমাদের নিয়ে আমি গর্বিত। আন্দোলন অব্যাহত রাখো। আমরা তোমাদের পাশে আছি।
বিক্ষোভের বিষয়ে মুম্বাই পুলিশের ভাষ্য হলো, আগস্ট ক্রান্তি ময়দানে জমায়েত বা বিক্ষোভ প্রদর্শনের কোনো অনুমতি তারা দেননি। তবে আন্দোলনকারীদের দাবি, বিক্ষোভের অনুমতির জন্য তারা পুলিশের কাছে আগেভাগেই ইমেইল পাঠিয়েছিলেন। কিন্তু পুলিশের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। এমনকি পুলিশ ওই এলাকায় বিক্ষোভকারীদের কাউকে পৌঁছাতেও দেয়নি।
এদিকে দিল্লিতে অবস্থানরত তরুণ আন্দোলনকারীদের প্রতি সংহতি ও সমর্থন জানিয়েছেন ভারতের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। সূত্র জানিয়েছে, পুরো বিষয়টি ঘিরে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

