ভোলার লালমোহন উপজেলার হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়েছে। শনিবার সকালে প্রতিষ্ঠানের নিজস্ব হলরুমে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের বরণ ও ওরিয়েন্টেশন ক্লাস সম্পন্ন হয়। অনুষ্ঠানে আগত অতিথিরা নতুন শিক্ষার্থীদের ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপসচিব জাকির হোসেন বাচ্চু বলেন, উচ্চমাধ্যমিক স্তর একজন শিক্ষার্থীর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্যায়। এসময় ভালো ফলাফলের পাশাপাশি প্রযুক্তিগত জ্ঞান, সৃজনশীলতা ও নৈতিকতা অর্জনে সচেষ্ট থাকতে হবে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে আরও বলেন, মোবাইল ফোনের অপচয় কমিয়ে নিয়মিত পড়াশোনা, বই পাঠ এবং সহশিক্ষা কার্যক্রমের সঙ্গে যুক্ত থাকা জরুরি।
প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মো. রুহুল আমিনের সভাপতিত্বে এবং প্রভাষক মুশফিকুর রহমান দীপুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সিফাত বিন সাদেক, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সহযোগী অধ্যাপক ফেরদাউসুর রহমান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম নোমান, সরকারি আব্দুল জব্বার কলেজের প্রভাষক মো. জাহিদ হোসেন জামশেদ এবং উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. জুনায়েদুল ইসলাম নয়ন।
সভাপতির বক্তৃতায় অধ্যক্ষ মো. রুহুল আমিন বলেন, একাদশ শ্রেণিতে পদার্পণ শিক্ষার্থীদের জীবনে একটি নতুন অধ্যায়ের সূচনালগ্ন। তিনি শিক্ষার্থীদের প্রতিষ্ঠানের যাবতীয় নিয়ম-কানুন যথাযথভাবে মেনে চলার আহ্বান জানান। সেই সাথে নিয়মিত অধ্যয়ন ও শিক্ষকদের সঠিক নির্দেশনায় নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার মাধ্যমে কলেজের সুনাম অক্ষুণ্ন রাখতে শিক্ষার্থীদের প্রতি বিশেষ আহ্বান জানান তিনি।

