প্রতি বছরের ন্যায় এবারও দুর্গাপূজার উৎসবের আমেজে শ্রোতাদের জন্য নতুন গান উপহার নিয়ে আসছেন একুশে পদকপ্রাপ্ত প্রখ্যাত সংগীতশিল্পী ড. অরূপ রতন চৌধুরী। দেবী দুর্গাকে নিবেদন করে গাওয়া তার নতুন এই ভক্তিমূলক গানটির শিরোনাম ‘জয় মা দুর্গা’। গানটি প্রযোজনা প্রতিষ্ঠান সংগীতার ব্যানারে বাজারে আসছে।
গানের কথা ও সুরের দায়িত্ব সামলেছেন অমিত চ্যাটার্জী। পূজা ও উৎসবের ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং অসাম্প্রদায়িক চেতনার সুরকে এই গানে ফুটিয়ে তোলা হয়েছে। অরূপ রতন চৌধুরীর প্রত্যাশা, ভক্তিমূলক এই পরিবেশনা পূজার আনন্দকে ভক্ত ও শ্রোতাদের মাঝে আরও বাড়িয়ে তুলবে।
গানটির নান্দনিক ভিডিও নির্মাণ করেছেন পরিচালক এ বাবুল। ভিডিওতে সুরের ছন্দের সঙ্গে সামঞ্জস্য রেখে রাখা হয়েছে নৃত্যের আয়োজন। এতে মডেল হিসেবে অংশ নিয়েছেন শিশির সর্দার ও ডিম্পল আহমেদ। ভক্তি ও আবেগের মিশেলে তৈরি ভিডিওটি গানটির উপস্থাপনাকে করেছে আরও আকর্ষণীয়। দুর্গাপূজা উপলক্ষে নিয়মিত বিশেষ গান উপহার দেওয়ার যে ধারা অরূপ রতন চৌধুরী বজায় রেখে চলেছেন, ‘জয় মা দুর্গা’ তারই নতুন সংযোজন। পূজার এই আয়োজনে গান ও ভিডিওর মেলবন্ধন দর্শক-শ্রোতাদের মাঝে বিশেষ আমেজ তৈরি করবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

