স্বামী অসিমের অনুপ্রেরণায় এগিয়ে চলেছেন শিল্পী হৈমন্তী রক্ষিত দাশ

দেশের গুণী সংগীতশিল্পী হৈমন্তী রক্ষিত দাশ স্টেজ শো, নাটকের গান ও অডিও গানে ব্যস্ত সময় পার করছেন। প্রতিকূল পরিবেশেও তিনি নিয়মিত মৌলিক গান প্রকাশ করছেন। সম্প্রতি তার কণ্ঠে নতুন মৌলিক গান ‘পাখিরে’ প্রকাশিত হয়েছে। প্রিয় চট্টোপাধ্যায়ের লেখা এই গানের সুর ও সংগীত পরিচালনার পাশাপাশি হৈমন্তীর সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন আকাশ। গানটি ‘হৈমন্তী’ ইউটিউব চ্যানেলে প্রকাশের পর কয়েক লাখ দর্শক উপভোগ করেছেন।

প্রশংসায় ভাসছে ‘পাখিরে’

গানটির মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন অলংকার চৌধুরী। সাম্প্রতিক সময়ের অন্যান্য গানের চেয়ে ‘পাখিরে’ শ্রোতাদের মাঝে বিশেষ জায়গা করে নিয়েছে। এ প্রসঙ্গে হৈমন্তী বলেন, ‘পাখিরে গানটি যখন করি তখন প্রত্যাশা ছিল শ্রোতাদের ভালো লাগবে। কিন্তু প্রকাশের সঙ্গে সঙ্গেই এতটা সাড়া পাবো ভাবিনি। দিন যত যাচ্ছে গানটির প্রতি ভালোলাগা বাড়ছে, যা আমার জন্য অনেক বড় প্রাপ্তি।’

স্বামী অসিমের ভূমিকা ও আগামী ব্যস্ততা

নিজের সাফল্যের কৃতিত্ব স্বামী অসিমকে দিয়ে হৈমন্তী বলেন, ‘আমি বিশেষভাবে কৃতজ্ঞ আমার স্বামী অসিমের প্রতি। সে আমাকে সবসময় গানের ব্যাপারে শতভাগ অনুপ্রেরণা দিয়ে এসেছে। অসিম পাশে না থাকলে এতদূর আসা হতো না।’ এদিকে আসন্ন দুর্গা পূজায় ঢাকার বেশ কয়েকটি মণ্ডপে সংগীত পরিবেশন করবেন এই জনপ্রিয় শিল্পী।