রাজধানীর উত্তরা ৭ নম্বর সেক্টরে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বাসভবনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে প্রায় দেড় শতাধিক মানুষ এ হামলা চালায় বলে জানিয়েছেন জাপা চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি শৌর্য দীপ্ত সূর্য। তিনি জানান, তারা তাৎক্ষণিকভাবে বিষয়টি পুলিশকে অবহিত করেছেন এবং পুলিশ ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছে। পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার রেজাউল করিম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশের একটি দল সেখানে পৌঁছালেও তার আগেই হামলাকারীরা স্থান ত্যাগ করে। বর্তমানে হামলাকারীদের শনাক্ত করার প্রক্রিয়া চলছে। আমরা পুলিশকে ইনফর্ম করেছি। পুলিশ এখন এখানে এসেছে। কারা এই হামলায় জড়িত—তা শনাক্তের চেষ্টা চলছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
এর আগে ‘স্বৈরাচার বিরোধী সাধারণ জনগণ’ ব্যানারে একটি বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালিত হয় জি এম কাদেরের বাসভবনের সামনে। আন্দোলনকারীরা জুলাই অভ্যুত্থানে নিহতদের রক্তের সঙ্গে বেইমানি এবং ক্ষমতাচ্যুত সরকারের সঙ্গে আঁতাতের অভিযোগ তুলে তার দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন ও বিচার দাবি করেন। মিছিলের ব্যানারে জি এম কাদেরের প্রতিকৃতি তুলে ধরে সেখানে লেখা ছিল, ‘জুলাইয়ের শহিদদের রক্তের সাথে বেইমানি করে ফ্যাসিস্ট খুনি হাসিনার সাথে যোগাযোগ; জিএম কাদেরের গ্রেপ্তার চাই’ এবং ‘ফ্যাসিবাদের ঠিকানা এই বাংলায় হবে না’।
বিক্ষোভকারীরা অভিযোগ করেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শত শত মানুষের প্রাণের বিনিময়ে দেশে পরিবর্তন এলেও জাতীয় পার্টির শীর্ষ নেতৃত্ব এখনো ভারতে অবস্থানরত শেখ হাসিনা ও ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সঙ্গে গোপন যোগাযোগ রক্ষা করছে। তাদের ভাষ্যমতে, জাতীয় পার্টি বিগত তিনটি জাতীয় নির্বাচনে অংশ নিয়ে অবৈধ সরকারকে রাজনৈতিক বৈধতা দিতে সক্রিয় ভূমিকা পালন করেছিল। নতুন বাংলাদেশে ফ্যাসিবাদের কোনো দোসরকে আর রাজনৈতিকভাবে পুনর্বাসন হতে দেওয়া হবে না বলে তারা হুঁশিয়ারি উচ্চারণ করেন।

