ঢাকা বিশ্ববিদ্যালযের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক তাসনীম সিরাজ মাহবুবের বিরুদ্ধে শ্রেণিকক্ষে ‘বৈষম্যমূলক’ আচরণের অভিযোগ তুলে স্নাতকোত্তরের শেষ সেমিস্টারের একদল শিক্ষার্থী প্রতিবাদী কর্মসূচি পালন করেছেন। আজ সোমবার দুপুর ১২টায় বিভাগের শ্রেণিকক্ষেই এই কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচি চলাকালে আন্দোলনরত শিক্ষার্থীরা মুখে কালো কাপড় বেঁধে লাল কার্ড প্রদর্শন করেন।
প্রতিবাদকারী শিক্ষার্থীদের দাবি, শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের প্রতি বৈষম্যমূলক, বর্ণবাদী, অন্যায্য ও দ্বিচারী আচরণ করেছেন ওই শিক্ষক। কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থী মো. নাইম হোসেন জানান, গত ৭ অক্টোবর স্নাতকোত্তরের ক্লাস চলাকালে এক ছাত্রীর নিকাব পরা নিয়ে আপত্তিকর মন্তব্য করেন তাসনীম সিরাজ মাহবুব। একই সঙ্গে ছয়জন ছাত্রের এক বেঞ্চে বসা নিয়েও তিনি কটূক্তি করেছিলেন। তিনি আরও অভিযোগ করেন, ঘটনার পর ফেসবুকে দেওয়া ভিডিও বার্তায় ওই শিক্ষক একপক্ষীয় বক্তব্য তুলে ধরেন এবং তাঁর সমমনা শিক্ষকেরা তাঁকে আড়াল বা রক্ষা করার চেষ্টা করছেন।
শিক্ষার্থীদের পক্ষ থেকে লিখিত অভিযোগ জমা দেওয়ার পর গত ৮ অক্টোবর বিভাগের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। ওই সভায় তাসনীম সিরাজ মাহবুবকে ক্লাস নেওয়া থেকে বিরত রাখার সিদ্ধান্ত নেওয়া হয় এবং তাঁর দায়িত্ব প্রাপ্ত কোর্সগুলো অন্য শিক্ষকদের মধ্যে পুনর্বণ্টন করা হয়। এছাড়া, ঘটনাটির প্রতিবাদে সামাজিক যোগাযোগমাধ্যমে মুখে কালো কাপড় বাঁধা ছবি পোস্ট করেও সংহতি জানাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।
সার্বিক বিষয়ে জানতে চাইলে সহযোগী অধ্যাপক তাসনীম সিরাজ মাহবুব জানান, এ বিষয়ে তাঁর নতুন করে কোনো বক্তব্য নেই। তবে গতকাল সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক সামিনা লুৎফা শিক্ষকদের হেনস্তার বিরুদ্ধে যে প্রতিবাদ করেছিলেন, তার জের ধরেই এই কর্মসূচি পালন করা হতে পারে বলে তিনি ধারণা করছেন। এর আগে ১০ অক্টোবর এক ভিডিও বার্তায় নিজের অবস্থান স্পষ্ট করেন তাসনীম সিরাজ মাহবুব। তিনি দাবি করেন, কোনো শিক্ষার্থীকে নিকাব খুলতে, পোশাক বদলাতে বা ক্লাস থেকে বের হয়ে যেতে তিনি বলেননি। কেবল চোখের দৃষ্টি দেখা না যাওয়ায় শনাক্তকরণ ও যোগাযোগের সুবিধার স্বার্থে নিজের অস্বস্তির কথা প্রকাশ করেছিলেন।
অন্যদিকে, শ্রেণিকক্ষে শিক্ষকের স্বাধীনতা খর্বের চেষ্টা ও ভিন্নমত প্রকাশের কারণে শিক্ষক হেনস্তার প্রতিবাদে গত ১১ অক্টোবর শ্রেণিকক্ষে পাঁচ মিনিট মুখে কালো কাপড় বেঁধে নীরবতা পালন করেন সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক সামিনা লুৎফা। পরবর্তীতে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টেও তিনি তাঁর প্রতিবাদের কথা তুলে ধরেন।
ইংরেজি বিভাগের শ্রেণিকক্ষে আয়োজিত এই কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীরা শিক্ষক তাসনীম সিরাজ মাহবুবের বিরুদ্ধে নেওয়া পদক্ষেপ বহাল রাখার দাবি জানান।

