নিউইয়র্ক বিমানবন্দরে বিক্ষোভের মুখে ড. মুহাম্মদ ইউনূস

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখোমুখি হয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। সোমবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, বিমানবন্দরে হুইলচেয়ারে থাকা ড. ইউনূসের দিকে এগিয়ে গিয়ে একদল ব্যক্তি উচ্চস্বরে স্লোগান দিচ্ছে।

বিক্ষোভকারীরা এ সময় তাকে উদ্দেশ্য করে ‘ইউ আর আ টেরোরিস্ট’ এবং ‘হোয়াই ইউ কাম হিয়ার’ বলে চিৎকার করেন। তারা ড. ইউনূসের বিরুদ্ধে দেশের গণতন্ত্র ধ্বংসের অভিযোগ তোলার পাশাপাশি বাংলাদেশের পুলিশ বাহিনীর কর্মকাণ্ড নিয়ে নানা স্লোগান দেন।

ভিডিওর দৃশ্যে দেখা যায়, অপ্রীতিকর পরিস্থিতির মধ্যেই সঙ্গে থাকা সহযোগীর সহায়তায় ড. ইউনূস সামনের দিকে এগিয়ে যান। এই ঘটনাটি নিয়ে কূটনৈতিক ও বিভিন্ন মহলে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।