আবারো মোশাররফ করিমের সঙ্গে নীলাঞ্জনা নীলা

জনপ্রিয় ও ভার্সেটাইল অভিনেতা মোশাররফ করিমের সঙ্গে নতুন একটি নাটকে জুটিবদ্ধ হয়েছেন এই প্রজন্মের দর্শকপ্রিয় অভিনেত্রী নীলাঞ্জনা নীলা। ইউসুফ আলী খোকনের রচনায় ‘জামাই মানে যন্ত্রনা’ নামের এই নাটকটি নির্মাণ করেছেন তরুণ নির্মাতা সরদার রোকন। ইতোমধ্যে নাটকটির দৃশ্যধারণের কাজ সম্পন্ন হয়েছে। এর আগে এই জুটির ‘জামাই বউ অতি চালাক’, ‘বাবার বিয়ে’, ‘জামাই বউ আসামী’, ‘ফিটফাট বাবু’ ও ‘বউ পাগল জামাই’ নাটকগুলো দর্শকমহলে প্রশংসিত হয়েছিল।

নতুন কাজটি নিয়ে আশাবাদ ব্যক্ত করে মোশাররফ করিম বলেন, সরদার রোকন বেশ যত্ন নিয়ে নাটকটি নির্মাণের চেষ্টা করেছেন। গল্পটা ভিন্নধর্মী এবং নীলা আগের চেয়ে অনেক ভালো অভিনয় করার চেষ্টা করেছে। অন্যদিকে সহশিল্পী হিসেবে মোশাররফ করিমের সঙ্গে কাজের অভিজ্ঞতা জানিয়ে নীলাঞ্জনা নীলা বলেন, মোশাররফ ভাইয়ের সঙ্গে অভিনয় করাটা শুরুতে বেশ ভয়ের ছিল, তবে দিন দিন তা উপভোগ্য হয়ে উঠেছে। তাঁর সঙ্গে অভিনয় করা মানেই অভিনয়ের অনেক কিছু শেখা। এই নাটকটি নিয়ে আমি ভীষণ আশাবাদী।

নির্মাতা সরদার রোকন জানান, মোশাররফ ভাই আমাদের নাট্যাঙ্গনের অত্যন্ত গুণী ও জাত অভিনেতা। নির্মাতা হিসেবে তাঁর সঙ্গে কাজ করতে গিয়ে আমিও অনেক কিছু শিখেছি। খোকনের চমৎকার এই গল্পে মোশাররফ ভাই ও নীলাঞ্জনা নীলা দুজনই দারুণ অভিনয় ফুটিয়ে তুলেছেন। উল্লেখ্য, রোকনের পরিচালনায় এর আগে মোশাররফ করিমের ‘ভাঙ্গারির বই রাজরানি’, ‘রেডিও জয়নাল’ ও ‘ইনজেকশন মতিন’ নাটকগুলোও ব্যাপক সাড়া ফেলেছিল।

পরিচালক সূত্রে জানা গেছে, সব কাজ শেষে খুব শীঘ্রই নাটকটি একটি জনপ্রিয় ইউটিউব চ্যানেলে সম্প্রচার করা হবে।