ডেঙ্গু মশার বংশবিস্তার রোধে দেশের প্রতিটি নাগরিক ও পরিবারকে সপ্তাহে অন্তত দু’দিন কমপক্ষে আধা ঘণ্টা সময় দিয়ে নিজেদের ঘরবাড়ি ও আশপাশের এলাকা পরিষ্কারের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ১৪ অক্টোবর বুধবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি বলেন, দৈনন্দিন চলাচলের পথ ও ঘরের আশপাশে যেসব স্থানে মশার বংশবিস্তার হতে পারে, সেসব জায়গা নিয়মিত পরিষ্কার করা জরুরি। ঘরের আনাচকানাচে কিংবা রাস্তাঘাট ও জনসমাগমস্থলে জমে থাকা পানিতে ডেঙ্গু মশা বংশবিস্তার করে।
মশার প্রজননস্থল ধ্বংস করাকে ডেঙ্গু প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায় হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, জমে থাকা পানি ও আবর্জনা পরিষ্কার না করলে এই রোগ নিয়ন্ত্রণ করা কঠিন। বিভিন্ন বয়সের মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে অসুস্থ হচ্ছেন এবং প্রাণ হারাচ্ছেন। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে বহু পরিবারকে এই স্বজন হারানোর বেদনা থেকে রক্ষা করা সম্ভব বলে তিনি মন্তব্য করেন।
দেশের ঐতিহাসিক অর্জনের কথা স্মরণ করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধ, ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান সাধারণ মানুষের সর্বস্তরের প্রচেষ্টায় সফল হয়েছে। জনগণ যদি অতীতে এসব বড় অর্জন করতে পারে, তবে দেশের অন্যান্য সমস্যা সমাধানেও তারা সম্মিলিতভাবে অবদান রাখতে পারবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
শিক্ষার্থী ও যুবসমাজকে এই কার্যক্রমে যুক্ত করার ওপর জোর দিয়ে তিনি জানান, দেশের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে প্রায় আড়াই কোটি শিক্ষার্থী রয়েছে। এ ছাড়া বিএনসিসি, স্কাউটস, গার্ল গাইডস ও রেড ক্রিসেন্টের মতো সংগঠনের প্রায় ৪০ লাখ সদস্য রয়েছেন। এসব সংগঠনের সদস্যরা ইতিমধ্যে প্রতি শনিবার ময়লা-আবর্জনা পরিষ্কারের কাজ চালিয়ে যাচ্ছেন। ডেঙ্গুর টিকার কার্যকারিতা সীমিত হওয়ায় জমে থাকা পানি ও ময়লা আবর্জনা সরিয়ে মশার প্রজননস্থল ধ্বংস করাকেই তিনি অধিকতর গুরুত্ব দিয়েছেন। সরকার ও জনগণের যৌথ অংশগ্রহণে ডেঙ্গুর এই অভিশাপ থেকে দেশবাসীকে রক্ষা করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

