বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বিশ্ব স্পাইন দিবস-২০২৬ এবং বিশ্ব অস্টিওপোরোসিস দিবস-২০২৬ পালিত হয়েছে। ১৯ অক্টোবর (সোমবার) আয়োজিত এসব কর্মসূচিতে হাড়ের স্বাস্থ্যের সুরক্ষা, ক্ষয়রোধ ও মেরুদণ্ড সুস্থ রাখার বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের অর্থোপেডিক সার্জারি বিভাগের উদ্যোগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাসের ডি-ব্লকের সামনে থেকে শুরু হয়ে ই-ব্লক ও সি-ব্লক প্রদক্ষিণ শেষে পুনরায় ডি-ব্লকে এসে শেষ হয়। পরবর্তীতে অর্থোপেডিক সার্জারি বিভাগের শ্রেণিকক্ষে দিবস দুটির গুরুত্ব তুলে ধরে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
চলতি বছর বিশ্ব স্পাইন দিবসের প্রতিপাদ্য নির্ধারিত হয়েছিল ‘স্পাইন ফর হেলথ’ এবং বিশ্ব অস্টিওপোরোসিস দিবসের মূল প্রতিপাদ্য ছিল ‘বিল্ড, প্রোটেক্ট অ্যান্ড স্ট্রেংথেন ইয়োর বোনস’। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমইউ উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, শিশু অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. আতিয়ার রহমান, নার্সিং অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. মনির হোসেন খান এবং প্রক্টর অধ্যাপক ডা. শেখ ফরহাদ। এছাড়াও উপস্থিত ছিলেন পরিকল্পনা ও উন্নয়ন পরিচালক এবং অর্থোপেডিক সার্জারি বিভাগের অধ্যাপক ডা. এরফানুল হক সিদ্দিকী ও বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. আনোয়ারুল ইসলাম।
অন্যান্য শিক্ষক ও কর্মকর্তাদের মধ্যে আলোচনা সভায় অধ্যাপক ডা. কামরুল আহসান, অধ্যাপক ডা. আবু জার মো. সেলিম উল্লাহ, অধ্যাপক ডা. মো. শহিদুল ইসলাম খান, অধ্যাপক ডা. কে এম রফিকুল ইসলাম, উপাচার্যের একান্ত সচিব-১ অধ্যাপক ডা. জাহাঙ্গীর হোসেন, সহযোগী অধ্যাপক ডা. মো. সাজ্জাদ হোসেন, সহযোগী অধ্যাপক ডা. মো. মশিউর রহমান ও সহযোগী অধ্যাপক ডা. মো. আলী নূরসহ বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট চিকিৎসক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

