বাংলা সংগীতের জনপ্রিয় শিল্পী আসিফ আকবরের কণ্ঠে যুক্ত হলো গীতিকবি ও সুরকার মাহবুবুল খালিদের নতুন একটি রোমান্টিক গান। ‘সখি তুই কি তেল মাখিস চুলে’ শিরোনামের এই গানে প্রেম ও রূপের মুগ্ধতা ফুটে উঠেছে। গানটিতে লোকজ শব্দমালার ব্যবহারে প্রেমিকের আকুলতার বর্ণনা তুলে ধরা হয়েছে, যার কয়েকটি পঙ্ক্তি—‘সখি তুই কি তেল মাখিস চুলে/ কী শাড়ি পরিছ তুই, হাওয়ায় আঁচল দুলে/ তোর নূপুর বাজে ঘুঙুর ঘুঙুর/ রূপে আগুন জ্বলে।’
ইতিমধ্যেই গানটির অডিও সংস্করণ অফিশিয়াল ওয়েবসাইট ও ‘খালিদ সংগীত’ প্ল্যাটফর্মে উন্মুক্ত করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গানটির একটি আকর্ষণীয় ভিডিওচিত্র তৈরি করা হয়েছে, যা দ্রুতই ‘খালিদ সংগীত’ ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে।
সংগীত ও সাহিত্যভিত্তিক অঙ্গনে ধারাবাহিকভাবে কাজ করে চলেছেন মাহবুবুল খালিদ। নিজস্ব অনলাইন প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগমাধ্যমে এ পর্যন্ত তাঁর লেখা ও সুর করা পাঁচ শতাধিক গান প্রকাশ পেয়েছে, যেখানে দেশের বিভিন্ন প্রজন্মের খ্যাতনামা শিল্পীরা কণ্ঠ দিয়েছেন।
কেবল রোমান্টিক সুরের মধ্যেই সীমাবদ্ধ থাকেননি মাহবুবুল খালিদ; তাঁর লেখনীতে উঠে এসেছে দেশের মানবিক সংকট, সামাজিক অসংগতি ও আন্তর্জাতিক নানা ঘটনাপ্রবাহ। মিরপুরের নির্যাতিত গৃহকর্মী আদুরিকে নিয়ে ‘আদুরি’, ফেলানী হত্যাকাণ্ড নিয়ে ‘ফেলানীরে করল গুলি’, মাগুরার ঘটনা ভিত্তিক ‘মাগুরার ফুল’ এবং সাম্প্রতিক আলোচিত প্রেক্ষাপট নিয়ে ‘রামিসার বিচার’ গানগুলো তিনি রচনা করেছেন। একই সঙ্গে ফিলিস্তিন ও রোহিঙ্গা সংকটের মতো বৈশ্বিক ইস্যু নিয়েও গান বেঁধেছেন তিনি। এবার সেই কাজের ধারাবাহিকতায় প্রকাশিত হলো আসিফ আকবরের নতুন এই মেলোডি।

