নিউ ইয়র্কে চ্যানেল আইয়ের ২৮তম জন্মোৎসব উদযাপিত

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জমকালো আয়োজনের মধ্যদিয়ে চ্যানেল আইয়ের ২৮তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে। বর্ণাঢ্য এই অনুষ্ঠানটি প্রবাসী বাংলাদেশিদের এক মিলনমেলায় পরিণত হয়। সাংবাদিকতা, শিল্প, সাহিত্য ও সংস্কৃতিসহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিদের বিশেষ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন নির্মাতা ও অভিনেতা আফজাল হোসেন এবং সাংবাদিক মাইনুল ইসলাম।

সাংবাদিকতায় অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ চ্যানেল আইয়ের বিশেষ প্রতিনিধি ও উপস্থাপক মাইনুল ইসলামকে সম্মাননা দেওয়া হয়েছে। ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, অভিনেতা আফজাল হোসেন এবং নারী উদ্যোক্তা কনা রেজা তার হাতে এই সম্মাননা তুলে দেন। এছাড়া পরিবেশ বিষয়ক সাংবাদিকতায় অবদানের জন্য সম্মাননা পেয়েছেন বিশেষ প্রতিনিধি মো. সৌমিক আহমেদ। পাশাপাশি উত্তর আমেরিকায় চ্যানেল আইয়ের প্রচার ও প্রসারে বিশেষ ভূমিকা রাখার জন্য মহাব্যবস্থাপক মো. মহিউদ্দিন খান মঈনকে সম্মাননা প্রদান করা হয়।

সাংস্কৃতিক পর্বে জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী ও সংগীতশিল্পী দিনাত জাহান মুন্নির পরিবেশনায় দ্বৈত সংগীত দর্শকদের বিশেষভাবে মুগ্ধ করে। উৎসবের এই আয়োজনে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক খালিদ মহিউদ্দিন, ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশের প্রেস মিনিস্টার গোলাম মুর্তজা এবং নিউ ইয়র্কে নিযুক্ত বাংলাদেশের ডেপুটি কনসাল জেনারেল আনিসুজ্জামান। এছাড়াও বাংলাদেশ-আমেরিকান পুলিশ এসোসিয়েশনের (বাপা) নেতৃবৃন্দসহ সংগীতশিল্পী, অভিনয়শিল্পী, ব্যবসায়ী এবং বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশ নেন।