পুলিশের ১১ কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি ও পদায়ন

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার মোট ১১ জন কর্মকর্তাকে নতুন দায়িত্ব দিয়ে বদলি ও পদায়ন করা হয়েছে। রোববার পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এই প্রশাসনিক রদবদলের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এক প্রজ্ঞাপনে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার মো. জামিল আকতারকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। একই আদেশে খুলনা মহানগর পুলিশের (কেএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার জাকিয়া সুলতানাকে মেহেরপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এবং চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) সহকারী পুলিশ কমিশনার মো. মারেফুল করিমকে লক্ষ্মীপুরের রামগতি সার্কেলের সহকারী পুলিশ সুপার করা হয়েছে। এছাড়া পুলিশের বিশেষ শাখার (এসবি) সহকারী পুলিশ সুপার মো. শহিদুল্লাহ এবং রাজশাহীর গোদাগাড়ী সার্কেলের সহকারী পুলিশ সুপার মীর্জা মো. আবদুস ছালামকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) পদায়ন করা হয়।

আরেকটি প্রজ্ঞাপনে ছয়জন অতিরিক্ত পুলিশ সুপারের দায়িত্ব পুনর্নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মুকিত সরকারকে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার, মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরান হোসেনকে টাঙ্গাইলে এবং লালমনিরহাটের এ-সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম ফজলুল হককে ডিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে। একই আদেশে খাগড়াছড়ির এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারে কর্মরত মো. সাইফুল ইসলামকে পুলিশ টেলিকমে, খুলনার ক-সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলামকে যশোরের ক-সার্কেলে এবং পঞ্চগড় সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শইমী ইমতিয়াজকে অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) পদায়ন করা হয়েছে।

এদিকে অন্য একটি আদেশে পূর্বে জারি করা দুটি বদলির আদেশ বাতিল করা হয়েছে। এর আওতায় ডিএমপির সহকারী পুলিশ কমিশনার মো. আবু হাসানকে এসবিতে বদলির আগের আদেশ এবং মো. মারেফুল করিমকে ডিএমপির সহকারী পুলিশ কমিশনার হিসেবে বদলির পূর্ববর্তী আদেশ বাতিল করা হয়েছে।